ফ্রান্সে রাগবি খেলোয়াড়ের মৃত্যু, ম্যাচের আগে নীরবতায় কাঁদলেন সতীর্থরা
ফ্রান্সে দক্ষিণ আফ্রিকার রাগবি খেলোয়াড় হাইরন অ্যান্ড্রুজের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চ্যাম্পিয়ন্স কাপের একটি ম্যাচে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতার সময় খেলোয়াড়রা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, কেউ কেউ কাঁদছিলেন।
অ্যান্ড্রুজের বয়স ছিল ৩১ বছর। তিনি জোহানেসবার্গ লায়ন্সের সঙ্গে চ্যাম্পিয়ন্স কাপ রাগবি টুর্নামেন্টের সফরে থাকাকালে শুক্রবার ফ্রান্সে মারা যান। দক্ষিণ আফ্রিকার রাগবি সংস্থা এসএ রাগবি এবং লায়ন্স ৩১ বছর বয়সী এই লক ফরোয়ার্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
শনিবার লা রোশেলের মার্সেল-দ্যফ্লঁদ্র স্টেডিয়ামে ফরাসি দল লা রোশেল ও জোহানেসবার্গ-ভিত্তিক লায়ন্সের মধ্যকার ম্যাচের আগের দিনই অ্যান্ড্রুজের মৃত্যু ঘটে, খেলাটি ছিল তাঁর মৃত্যুর পরের সন্ধ্যায়।
খেলোয়াড়টির আগে পরা পাঁচ নম্বর জার্সিটি মাঠে রাখা হয়েছিল। স্টেডিয়ামের বড় পর্দায় তাঁর মুখ দেখানো হয়, সঙ্গে লেখা ছিল তাঁর পুরো নাম, হাইরন দিয়েগো অ্যান্ড্রুজ।
কয়েকজন লায়ন্স খেলোয়াড় শনিবার অশ্রুসিক্ত ছিলেন, অন্যরা মাথা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করে একে অপরকে কোমরে শক্ত করে ধরে ছিলেন।
নীরবতার মুহূর্ত শেষ হওয়ার পর স্টেডিয়ামের দর্শকরা স্বতঃস্ফূর্ত করতালিতে ফেটে পড়েন। ফরাসি ক্লাব লা রোশেলের পক্ষ থেকে লায়ন্স কর্মীদের হাতে একটি লা রোশেল জার্সি তুলে দেওয়া হয়।
টেলিভিশনের ছবিতে দেখা গেছে, মাঠে নামার কিছুক্ষণ আগে লায়ন্স খেলোয়াড়রা তাদের ড্রেসিংরুমে একটি বৃত্ত তৈরি করেছিলেন। ফ্রান্সের ফরোয়ার্ড গ্রেগরি আলদ্রিতের নেতৃত্বে মাঠে নামা লা রোশেলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেছিলেন।
লা রোশেলের ব্যাকস কোচ রেমি তালেস ম্যাচ সম্প্রচারককে বলেছেন, ফরাসি দলের কয়েকজন খেলোয়াড় শুক্রবার দলের হোটেলে গিয়ে লায়ন্স খেলোয়াড়দের সমর্থন জানিয়েছিলেন। দুই পক্ষের আলোচনার পর ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয় বলেও তিনি জানিয়েছেন। ম্যাচে লা রোশেল ৩১-১৪ ব্যবধানে জয় পায়।
লা রোশেলের প্রসিকিউটর আর্নো লারেজ একটি সংবাদ সংস্থাকে শুক্রবার বলেছেন, অ্যান্ড্রুজকে শুক্রবার সকালে ভেতর থেকে তালাবদ্ধ একটি শাওয়ার কিউবিকলে পাওয়া যায়। প্রায় এক ঘণ্টা আগে তিনি একটি হাম্মাম সেশন করেছিলেন।
তাঁর সঙ্গীদের মতে, আগের দিনগুলোতে অ্যান্ড্রুজের স্বাস্থ্য সমস্যার কোনো লক্ষণ দেখা যায়নি। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্ত করার কথা ছিল।
এসএ রাগবি বলেছে, অ্যান্ড্রুজ পড়ে গিয়ে মারা গেছেন। এই খেলোয়াড় ইংল্যান্ডে কেজেডএন শার্কস ও সেল শার্কসের প্রতিনিধিত্বও করেছেন।
রুডলফ স্ট্রাউলি বলেছেন, হাইরনের মৃত্যুতে তারা হৃদয়ভাঙা। তিনি শুধু প্রতিভাবান রাগবি খেলোয়াড়ই ছিলেন না, লায়ন্স পরিবারের প্রিয় সদস্যও ছিলেন, চলতি মৌসুমেই তিনি দলে যোগ দিয়েছিলেন।
সেল শার্কসও অ্যান্ড্রুজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্ত্রী, তাঁদের সুন্দর ছেলেদের এবং পরিবার, বন্ধু ও লায়ন্স রাগবির সবার প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। সেল শার্কসের রাগবি পরিচালক অ্যালেক্স স্যান্ডারসন বলেছেন, হাইরন ছিলেন দারুণ একজন মানুষ ও দারুণ সতীর্থ, মাঠে তিনি অত্যন্ত দক্ষ ছিলেন, মাঠের বাইরে তিনি এমন একজন যার সঙ্গে সময় কাটাতে সবাই চাইত। তিনি মজার ও নিজের অনন্য ভঙ্গিতে আকর্ষণীয় ছিলেন এবং দলের সবাই তাঁর সঙ্গে খেলতে ও তাঁর পাশে থাকতে ভালোবাসতেন বলেও স্যান্ডারসন জানিয়েছেন।



