কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯, গ্রেপ্তার ১২
কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯-এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত ২৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন; তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
শনিবার রাত নয়টার দিকে মানিকতলা এলাকার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে প্রবল বৃষ্টি নামলে দর্শনার্থীরা হুড়োহুড়ি করে মণ্ডপের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার না থাকার বিষয়েও অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, গাফিলতির অভিযোগে শনিবারই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
পদদলিত হয়ে নিহত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ রুপি করে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
খবর পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি নিহতদের পরিবারপ্রতি ২৫ লাখ রুপি এবং আহতদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া নিহতদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আহত ব্যক্তিরা নিজেদের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসার সব খরচ বহন করবে রাজ্য সরকার। এ ঘটনায় কারও গাফিলতি পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।


