…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
বিনোদন

তিন দিনে ৩২১ কোটি রুপি আয় ‘জেলার টু’-এর, রজনীকান্ত নিলেন ১১০ কোটি রুপি পারিশ্রমিক

নিজস্ব প্রতিবেদক • পড়ার সময়: ৩ মিনিট

তিন বছর অপেক্ষার পর পর্দায় ফিরেছে তামিল সুপারস্টার রজনীকান্তের আলোচিত ছবি ‘জেলার টু’, আর মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটির আয় দাঁড়িয়েছে ৩২১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক ৪১৫ কোটি ৮০ লাখ টাকার বেশি। গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো।

নেলসন দিলীপ কুমার নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্র ‘মতুভেল পান্ডিয়া’র ভূমিকায় অভিনয় করেছেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত। তার ছবি মানেই ভক্তদের মধ্যে অন্যরকম উত্তেজনা, আর সিক্যুয়েলটি সেই প্রত্যাশা পূরণ করেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ছবিটির সবচেয়ে আলোচিত দিক এখন অভিনয়শিল্পী ও নির্মাতাদের পারিশ্রমিক। প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় চরিত্রের জন্য রজনীকান্ত নিয়েছেন ১১০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৪২ কোটি টাকার বেশি।

শুধু তাই নয়, ছবিটির মুনাফা ভাগাভাগির চুক্তিও থাকতে পারে এই তারকার সঙ্গে। বক্স অফিসে ছবিটি অসাধারণ সাফল্য পেলে তার মোট আয় ১৮০ কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ২৩৩ কোটি টাকার বেশি। ফ্র্যাঞ্চাইজির প্রধান মুখ হিসেবে তার ভূমিকা আর সিক্যুয়েল ঘিরে প্রত্যাশারই প্রতিফলন এই বিপুল পারিশ্রমিক।

পরিচালক নেলসন দিলীপ কুমার পারিশ্রমিক নিয়েছেন ৩৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ৪৫ কোটি টাকার বেশি। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর নিয়েছেন ২০ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকার বেশি।

ছবিটিতে এবারও ‘ম্যাথিউ’ চরিত্রে রয়েছেন বরেণ্য অভিনেতা মোহনলাল। এই চরিত্রের জন্য তিনি নিয়েছেন ৩০ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ৩৮ কোটি টাকার বেশি।

ফ্র্যাঞ্চাইজিতে নতুন যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ‘কানথা কলপাক’ নামের নেতিবাচক চরিত্রটির জন্য তিনি নিয়েছেন ৬ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি টাকার বেশি।

প্রথমবার এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান, তার চরিত্রের নাম ‘রডি’। তিনি সাধারণত ছবিপ্রতি ৮০ থেকে ১১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকলেও এই ছবির জন্য নিয়েছেন ২৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি টাকার বেশি বলে জানা গেছে।

ছবিতে ‘দীলিপ’ চরিত্রে অভিনয় করেছেন সুরাজ, তিনি নিয়েছেন ১ কোটি রুপি। পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, যিনি সাধারণত ছবিপ্রতি ১৫ থেকে ২৫ কোটি রুপি নিয়ে থাকেন, তবে এই ছবিতে তার নির্দিষ্ট পারিশ্রমিক জানা যায়নি। এস. জে. সূর্য সাধারণত প্রকল্পভেদে ৩ থেকে ১০ কোটি রুপি নিলেও তার অঙ্কটিও নির্দিষ্টভাবে পাওয়া যায়নি। ছবিতে আরও রয়েছেন জ্যাকি শ্রফসহ একঝাঁক তারকা।

কালানিথি মারন প্রযোজিত ‘জেলার টু’ তৈরি হয়েছে ৩০০ কোটি রুপি বাজেটে। সেই হিসাবে মুক্তির তিন দিনেই বিশ্বব্যাপী আয় বাজেটের অঙ্ক ছাড়িয়ে গেছে।

এর আগে ২০২৩ সালের ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছিল ‘জেলার’। ২০০ কোটি রুপি বাজেটের সেই ছবি আয় করেছিল ৬০০ থেকে ৬৩৫ কোটি রুপি, মুক্তির আগের উত্তাপ মুক্তির পর আরও বেড়ে গিয়েছিল।

এখন দেখার বিষয়, প্রথম ছবির সেই রেকর্ড সিক্যুয়েলটি ছাড়িয়ে যেতে পারে কি না। বক্স অফিসের গতি যেদিকে ইঙ্গিত করছে, তাতে আগামী দিনগুলোতে আয়ের অঙ্ক আরও অনেক বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন৫ মিনিটে পড়ুন

বিয়ের রাত থেকেই মনোমালিন্য: সোশ্যাল মিডিয়ার যুগের দাম্পত্য নিয়ে ‘হ্যাপিলি ম্যারিড’

সামাজিক যোগাযোগমাধ্যমের মোহে আমাদের সম্পর্কগুলো কি দিন দিন মরচে পড়ে যাচ্ছে? বর্তমান সময়ে সম্পর্কের দূরত্ব আর টানাপোড়েনের এই প্রশ্নকে কেন্দ্র করেই ত…

বিনোদন৩ মিনিটে পড়ুন

ঢাকায় লিবারেশন ডকফেস্টের ১৩তম আসর শুরু ২৯ অক্টোবর, ১৮৮ ছবি থেকে বাছাই মাত্র ১৭টি

ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ‘লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ’। ২৯ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে তিন দিনব্যাপী…

বিনোদন৪ মিনিটে পড়ুন

ছেলে প্রেসলির মৃত্যুর এক মাস পর ভাঙা হৃদয়ের বার্তা সিন্ডি ক্রফোর্ডের পরিবারের

ছেলে প্রেসলি গারবারের মৃত্যুর এক মাস পর প্রথমবারের মতো আবেগঘন বার্তা দিয়েছে তাঁর পরিবার। সুপারমডেল সিন্ডি ক্রফোর্ড ও তাঁর স্বামী র‌্যান্ডে গারবার রোব…

বিনোদন৪ মিনিটে পড়ুন

ভুল বায়োপসিতে ফুসফুস ধসে প্রায় মৃত্যুর মুখে গিয়েছিলেন জেমস ম্যাকঅ্যাভয়

হলিউড অভিনেতা জেমস ম্যাকঅ্যাভয় জানিয়েছেন, একটি ভুল হয়ে যাওয়া ফুসফুসের বায়োপসির পর তাঁর ফুসফুস ধসে পড়েছিল এবং তিনি প্রায় মারা গিয়েছিলেন। সম্প্র…