তুরস্কে কপ-৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই সিদ্ধান্তের কথা জানা গেছে।
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকাতেই এই সিদ্ধান্তের বিষয়টি চূড়ান্ত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রামিস সেন তুরস্কের আন্তালিয়ায় ২০২৬ সালের ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’-এর ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১)-এর প্রস্তুতির বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
রাষ্ট্রদূত ২০২৬ সালের ১১-১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এর প্রসঙ্গ উল্লেখ করে এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে জানতে চান। বিশ্বনেতাদের এই শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতকে নিশ্চিত করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ অংশগ্রহণ করবেন।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মেলনের পাশাপাশি উভয় দেশের নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার সুযোগ তৈরি হবে। এতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ মিলবে বলে তিনি মনে করেন।
সাক্ষাৎকালে তিনি জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে কপ সম্মেলনগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ সবসময়ই গুরুত্ব পেয়ে আসছে, আর এবার প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি সেই গুরুত্বকে আরও বাড়িয়ে দেবে।
নভেম্বরের ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিত থাকার কথা রয়েছে। জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলার মতো বিষয়গুলো সেখানে প্রধান আলোচ্য হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই সফর ও সম্মেলনে অংশগ্রহণের বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





