ক্যালিফোর্নিয়ায় আইসের হাতে মার্কিন নাগরিক আটক ও আহত, তদন্তের দাবি মেয়র ও কংগ্রেসম্যানের
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ শহরে ফেডারেল অভিবাসন এজেন্টদের হাতে আটক হওয়ার সময় এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভিডিওতে দেখা গেছে, এজেন্টরা তাকে রাস্তার কার্বের সঙ্গে চেপে ধরে রেখেছে আর তিনি সাহায্যের জন্য চিৎকার করছেন। আটক ব্যক্তি একজন মার্কিন নাগরিক বলে জানিয়েছেন স্থানীয় কংগ্রেসম্যান।
লং বিচসহ এলাকাটির প্রতিনিধি ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া ঘটনাটিকে ‘অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক।
শনিবারের এই ঘটনা নিয়ে লং বিচের মেয়র রেক্স রিচার্ডসন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেন, ওই ব্যক্তিকে ‘বারবার টেজার ব্যবহার করা হয়েছে, জোর করে আটকে রাখা হয়েছে এবং তিনি গুরুতর আঘাত পেয়েছেন’ বলে জানা গেছে।
মেয়র সোমবার এক বিবৃতিতে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেন। তার নাম রিকার্ডো গনজালেজ — লং বিচের বাসিন্দা, একজন বাবা এবং শহরের সাবেক একজন কর্মী।
লং বিচ পুলিশ বিভাগ জানিয়েছে, শনিবার ঘটনাস্থলে পৌঁছে তাদের কর্মকর্তারা অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টদের জড়িত একটি ‘বড় ধরনের বিশৃঙ্খলা’ দেখতে পান। তারা গনজালেজকে হাতকড়া পরা ও রক্তাক্ত অবস্থায় আইসের হেফাজতে থাকতে দেখেন।
StopICE.net-এর সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে শোনা যায়, গনজালেজ ‘আমাকে সাহায্য করুন!’ বলে চিৎকার করছেন, যখন এজেন্টরা তাকে রাস্তায় কার্বের সঙ্গে চেপে ধরে রেখেছে। তিনি বারবার বলছিলেন তার হাত ভেঙে গেছে, আর যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।
পুলিশ বিভাগ জানায়, কর্মকর্তারা তাকে কাছের একটি ফায়ার স্টেশনে নিয়ে যান, সেখানে তার হাতকড়া খুলে দেওয়া হয় এবং পরে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।
গনজালেজ ঠিক কী ধরনের আঘাত পেয়েছেন এবং কী কারণে আইস তাকে আটক করেছিল, তা এখনো স্পষ্ট নয়। তার পরিবারের এক সদস্য সোমবার জানিয়েছেন, এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই।
মেয়রের অভিযোগ অনুযায়ী, গনজালেজ ফেডারেল অভিবাসন এজেন্টদের সঙ্গে সংঘর্ষের সময় সাহায্য চেয়ে লং বিচ পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
অন্যদিকে লং বিচ পুলিশ বলছে, যানবাহনে ভাঙচুর চলছিল এবং একজন ব্যক্তির চিকিৎসা সহায়তা প্রয়োজন — এমন কারণে আইস কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের কাছে জরুরি সহায়তা চাওয়ার পর তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ বিভাগ স্পষ্ট করেছে, তাদের কর্মকর্তারা কোনো অভিবাসন অভিযানে জড়িত ছিলেন না এবং কাউকে গ্রেপ্তারও করেননি।
হাউস ওভারসাইট কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য গার্সিয়া ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গনজালেজ কোনো ভুল করছিলেন — এমন কোনো তথ্য নেই, জনসমক্ষে এমন কোনো খবরও আসেনি; এমনকি নিজের পুলিশ বিভাগ থেকেও তিনি এমন কোনো তথ্য পাননি যে গনজালেজ কোনো অপরাধমূলক কাজে জড়িত ছিলেন।
মেয়র রিচার্ডসন বলেন, ‘রিকার্ডোর সঙ্গে যা ঘটেছে তা ক্ষোভজনক ও অগ্রহণযোগ্য।’ লং বিচে ফেডারেল অভিবাসন এজেন্টদের কর্মকাণ্ডের জবাবদিহি দাবি করে সোমবার তিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্তব্য জানতে চাওয়া হয়েছে, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি।



