…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
অর্থনীতি ও ব্যবসা

নতুন শেয়ার না ছেড়েই বাজারে আসতে পারবে ভালো কোম্পানি, বিএসইসির ডাইরেক্ট লিস্টিং বিধিমালা কার্যকর

নিজস্ব প্রতিবেদক

নতুন শেয়ার ইস্যু না করেই পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারবে নির্দিষ্ট শ্রেণির সরকারি ও বেসরকারি কোম্পানি। এ জন্য উদ্যোক্তা, পরিচালক ও পুরোনো শেয়ারধারীদের হাতে থাকা শেয়ার বিক্রির সুযোগ রাখা হয়েছে। তবে তালিকাভুক্তির প্রথম দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে অন্তত ১০ শতাংশ শেয়ার বিক্রি করতে হবে।

এই সুযোগ দিতে নতুন বিধিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজের ডাইরেক্ট লিস্টিং) বিধিমালা, ২০২৬’, যা ১৮ অক্টোবর সরকারি গেজেট আকারে প্রকাশিত ও কার্যকর হয়েছে।

নতুন বিধিমালায় সরকারি প্রতিষ্ঠান, সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ সরকারি মালিকানাধীন কোম্পানি এবং যেসব কোম্পানিতে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানা অন্তত ১০ শতাংশ, তাদের সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়া হয়েছে। সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ বিদেশি মালিকানাধীন কোম্পানিও আবেদন করতে পারবে।

এ ছাড়া সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী অন্তত ৫০০ কোটি টাকা নিট সম্পদ রয়েছে—এমন তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি তালিকাভুক্তির যোগ্য হবে। বার্ষিক টার্নওভার অন্তত ১ হাজার কোটি টাকা—এমন কোম্পানিও আবেদন করতে পারবে।

তবে যোগ্যতার সীমারেখাও স্পষ্ট করা হয়েছে। সরাসরি তালিকাভুক্ত হতে কোম্পানিকে অন্তত পাঁচ বছর ব্যবসা পরিচালনা করতে হবে। আগের দুই অর্থবছরে মূল ব্যবসা থেকে মুনাফা থাকতে হবে এবং কোনো পুঞ্জীভূত লোকসান থাকা যাবে না। সর্বশেষ অর্থবছরে পরিচালন কার্যক্রম থেকে ইতিবাচক নগদ প্রবাহও থাকতে হবে।

বিধিমালায় আরও বলা হয়েছে, সরাসরি তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানি এবং তার উদ্যোক্তা বা পরিচালকদের কেউ ঋণখেলাপি হতে পারবেন না। কোম্পানিকে বিএসইসি-নিবন্ধিত ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানের কাছ থেকে বিনিয়োগযোগ্য মানের রেটিং নিতে হবে। আর্থিক বিবরণী আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান অনুযায়ী তৈরি এবং আন্তর্জাতিক নিরীক্ষা মান অনুসারে নিরীক্ষিত হতে হবে।

তালিকাভুক্তির পর উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে পরিশোধিত মূলধনের অন্তত ৩০ শতাংশ শেয়ার ধরে রাখতে হবে। এক বছরের মধ্যে বিএসইসির নির্ধারিত করপোরেট সুশাসনের শর্ত পূরণের অঙ্গীকারও দিতে হবে।

শেয়ারের দাম নির্ধারণে কোম্পানি মার্চেন্ট ব্যাংকারের সঙ্গে পরামর্শ করে নির্দেশক মূল্য ঠিক করবে। এ জন্য অন্তত দুটি মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করতে হবে—যার একটি অ্যাবসলিউট, অন্যটি রিলেটিভ ভ্যালুয়েশন। প্রথম দিন শেয়ার বিক্রির সর্বনিম্ন দাম নির্দেশক মূল্যের চেয়ে অন্তত ২৫ শতাংশ কম রাখতে হবে।

লেনদেনের নিয়মও নির্ধারণ করা হয়েছে। প্রথম লেনদেনের দিন প্রথম দুই ঘণ্টা বিনিয়োগকারীরা শেয়ার কেনার দরপ্রস্তাব দিতে পারবেন; এ সময় উদ্যোক্তা বা বিক্রির প্রস্তাবকারীরা বিক্রির আদেশ দিতে পারবেন না। দুই ঘণ্টা শেষে বিক্রির আদেশ দেওয়া যাবে।

বিনিয়োগকারীদের সুরক্ষায় আরও কিছু শর্ত রাখা হয়েছে। বিক্রির ৩০ কার্যদিবসের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মোট বিক্রি হওয়া শেয়ারের ১ শতাংশের বেশি কিনতে পারবেন না। প্রথম দুই কার্যদিবসে একক আদেশে ১০০টির কম বা ১ হাজারটির বেশি শেয়ার কেনার নির্দেশ গ্রহণ করা হবে না। প্রথম দিন থেকে এক বছর পর্যন্ত প্রস্তাবকারীরা কোম্পানির শেয়ার কিনতে পারবেন না এবং নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেদের হাতে থাকা শেয়ারের ৫০ শতাংশের বেশি বিক্রি করতে পারবেন না।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক এমডি কে এ এম মাজেদুর রহমান বলেন, সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ ভালো। এর ফলে সরকারি কোম্পানি, যেমন জীবন বীমা ও সাধারণ বীমা করপোরেশন এবং জ্বালানি খাতের ভালো কোম্পানিগুলোর পাশাপাশি বেসরকারি খাতের কোম্পানিও এখন বাজারে আসতে পারবে।

তবে বাজার-সংশ্লিষ্ট শাকিল রিজভী বলেন, এই বিধিমালার বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে; বিশেষ করে নতুন কোম্পানির শেয়ারের দাম কী হবে, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বাজার সংস্কার ও বিনিয়োগপ্রক্রিয়া সহজ করার উদ্যোগের মধ্যেই ২০২৬ সালের প্রথম আট মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এখন ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে বাজারে মানসম্মত কোম্পানির সরবরাহ বাড়লে বিনিয়োগকারীদের আস্থা আরও ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

আমানত, বিনিয়োগ ও সম্পদে পিছিয়ে ইসলামি ব্যাংকগুলো, আস্থার সংকটে থমকে গেছে প্রবৃদ্ধি

আমানত, বিনিয়োগ ও সম্পদ—তিনটি সূচকেই প্রচলিত ধারার ব্যাংকগুলোর তুলনায় পিছিয়ে পড়েছে দেশের ইসলামি ধারার ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের ইসলামি ব্যাংকিং…

অর্থনীতি ও ব্যবসা

পোশাক খাতে ইএসজি ড্যাশবোর্ড চালু করল বিজিএমইএ, ৩২৬ কারখানা ইতোমধ্যে যুক্ত

বিশ্ব চাহিদার সঙ্গে মিল রেখে তৈরি পোশাক খাতে পরিবেশগত নিরাপত্তা, সামাজিক দায়বদ্ধতা ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ইএসজি ড্যাশবোর্ড’ চালু …

অর্থনীতি ও ব্যবসা

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কিলোওয়াটের সোলার সিস্টেম উদ্বোধন

সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ ব্যয় হ্রাস ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সোনালী ব্যাংক স্…

অর্থনীতি ও ব্যবসা

এলডিসি উত্তরণে বছরে ৬৩৮ কোটি ডলারের রপ্তানি ঝুঁকি: সেমিনারে সতর্কবার্তা

স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে চূড়ান্ত উত্তরণ বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার স্বীকৃতি হলেও এর প্রভাবে বড় ঝুঁকিতে পড়তে পারে দেশের রপ্তানি খাত।…