…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
রাজনীতি

সুপারিশ পেয়েও গেজেটে বাদ ১০৫ জন: রি-ভেরিফিকেশনের আশ্বাস দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৪৫তম বিসিএসে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও ১০৫ জন প্রার্থী গেজেট থেকে বাদ পড়েছেন। কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি বলে অভিযোগ তাঁদের। রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন বঞ্চিত প্রার্থীরা। এর মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, বাদ পড়া প্রার্থীদের সব তথ্য পুনর্নিরীক্ষা (রি-ভেরিফিকেশন) করা হবে এবং আইনি কাঠামোর মধ্যে যোগ্য বিবেচিত হলে প্রত্যেকেই নিয়োগ পাবেন।

গত ১৪ অক্টোবর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। পিএসসির সুপারিশ করা ১ হাজার ৮০৭ প্রার্থীর মধ্যে ১ হাজার ৭০২ জনের চাকরি নিশ্চিত হলেও বাদ পড়েন ১০৫ জন। এর আগে গেজেটের অপেক্ষায় কেটে যায় দীর্ঘ ১১টি মাস।

বাদ পড়াদের একজন শামীম আল মাহাদী। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের এই তরুণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর মা আলেয়া বেগম কৃষিকাজের পাশাপাশি বাড়িতে গরুর খামার গড়ে তিন সন্তানকে শিক্ষিত করেছেন। এক বছর আগে ছেলের সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে গর্বিত হয়েছিলেন তিনি; এখন গেজেটে ছেলের নাম না দেখে ব্যথিত।

আলেয়া বেগম বলেন, 'সরকার বাহাদুরের যে কেউ এসে আমাদের এলাকা সরেজমিন যাচাই করুক। গ্রামের একটা লোকও যদি আমার ছেলের ব্যাপারে কোনো খারাপ কথা বলতে পারে, তবে তার চাকরি নিয়ে আমার আর কোনো দাবি থাকবে না। ওর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছেও খোঁজ নেওয়া হোক। সবখানে যদি সে নির্দোষ প্রমাণিত হয়, তবে কোনো অন্যায় না করে আমার ছেলে কেন বঞ্চিত হবে?'

প্রার্থীদের ভাষ্য, পিএসসির সব ধাপে সফলভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাঁদের গেজেটভুক্ত করা হয়নি। তাঁদের কারও বিরুদ্ধেই কোনো ফৌজদারি মামলা বা রাষ্ট্রবিরোধী অপরাধের অভিযোগ নেই।

স্বচ্ছ উপায়ে মেধার ভিত্তিতে অর্জিত চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে রাজপথে নেমেছেন এসব তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। অনতিবিলম্বে সম্পূরক গেজেট প্রকাশ করে নিয়োগ নিশ্চিত করা না হলে শাহবাগে 'আত্মাহুতি' দেওয়ার ঘোষণাও দিয়েছেন বঞ্চনার শিকার প্রার্থীরা।

অবস্থান কর্মসূচিতে কান্নাজড়িত কণ্ঠে গেজেটবঞ্চিত নূরে আলম বলেন, 'আমি ৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে সুপারিশ পেয়ে বর্তমানে সহকারী পরিচালক পদে কর্মরত আছি। কিন্তু ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে নতুন করে সুপারিশ পেলেও এবার আমাকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। আগের চাকরির ক্ষেত্রে ছাড়পত্র পেলেও এবার কীভাবে বাদ পড়লাম, সরকারের কাছে সেই ব্যাখ্যা চাই।'

আরেক প্রার্থী মনিরুজ্জামান মৎস্য ক্যাডারে সুপারিশ পেয়েছিলেন। তিনি বলেন, 'চার-পাঁচ বছর নিরলস পরিশ্রম করে বিসিএসে উত্তীর্ণ হয়েছি। কোনো অপরাধ না করেও কেন আজ এই শাস্তি পেতে হবে? বাবা-মায়ের কাছে কী জবাব দেব, জানি না। আমরা কারও কাছে দয়া চাই না, নিজেদের মেধা দিয়ে অর্জিত চাকরিটা ফেরত চাই।'

প্রার্থীরা সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে পুনঃপ্রজ্ঞাপনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, আইনগত বাধা না থাকা প্রার্থীদের ক্ষেত্রে সম্পূরক গেজেট প্রকাশ, বাদ পড়ার কারণ লিখিতভাবে জানানো, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং প্রশাসনিক যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের তথ্য নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা।

বিসিএসের চূড়ান্ত ফলাফলের পর গেজেট প্রকাশের আগে প্রার্থীর ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের জন্য ভেরিফিকেশন করা হয়। মূলত ব্রিটিশ আমলে ১৯২০-এর দশকে এই প্রথা চালু হয়েছিল; সে সময় ব্রিটিশবিরোধী আন্দোলন দমন এবং নিয়োগে প্রার্থীদের রাজনৈতিক বিশ্বাস ও সরকারবিরোধী সক্রিয়তা পরীক্ষা করাই ছিল এর মূল লক্ষ্য। পুলিশের নীতিমালা অনুযায়ী, ভেরিফিকেশনে প্রার্থীর নামে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা বা অপরাধের রেকর্ড আছে কি না, কেবল তা-ই যাচাই করার কথা। কিন্তু শত বছর আগের এই ঔপনিবেশিক নিয়ম ব্যবহার করে প্রার্থীর স্বজনদের রাজনৈতিক পরিচয় বা অন্যান্য অপ্রাসঙ্গিক তথ্যের অজুহাতে মেধার নিয়োগ আটকে দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেন, 'একটি স্বাধীন রাষ্ট্রে সেকেলে ব্রিটিশ আমলের ভেরিফিকেশন প্রথা দিয়ে তরুণদের মেধা ও ভবিষ্যৎ আটকে রাখা একটি বড় ধরনের পদ্ধতিগত ত্রুটি। কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের সুনির্দিষ্ট তথ্য বা আদালতের দণ্ড না থাকলে তাঁকে রাজনৈতিক বা ভিন্ন কোনো অজুহাতে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মেধার স্বাক্ষর রাখা প্রার্থীদের ন্যায্য চাকরির নিয়োগ থেকে বঞ্চিত করা একটি রাষ্ট্রীয় কাঠামোগত দুর্নীতি। এই রাষ্ট্রীয় অনাচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত।'

সার্বিক বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, 'সরকারি চাকরিতে ভেরিফিকেশন প্রক্রিয়াটি একটি নিয়মিত বিষয়, এটি সব সময়ই ছিল, নতুন কিছু নয়। প্রজ্ঞাপনে যাঁদের নাম আসেনি, তাঁদের অর্ধেকের বেশি প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য আইনি নথিপত্রে ঘাটতি থাকার কারণে সাময়িকভাবে তাঁদের নাম বাদ পড়েছে। বাকি যাঁদের নাম আসেনি, তাঁদের বিষয়টি আমাদের নজরে এসেছে।'

প্রতিমন্ত্রী আরও বলেন, 'প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে, দেশের একজন নাগরিকও যাতে রাষ্ট্রের আইন ও বিধিবিধান অনুযায়ী তাঁর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। তাই বাদ পড়া প্রার্থীদের সব তথ্য পুনর্নিরীক্ষার (রি-ভেরিফিকেশন) উদ্যোগ নেওয়া হবে। আইনি কাঠামোর মধ্যে যাঁরা চাকরির যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের প্রত্যেকেই নিয়োগ পাবেন। আপনারা ইতিপূর্বে ৪৯তম বিসিএসেও দেখেছেন, চূড়ান্ত গেজেট প্রকাশের পরও রি-ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন।'

এখন দেখার বিষয়, প্রতিমন্ত্রীর এই আশ্বাস কত দ্রুত বাস্তব রূপ পায় এবং সম্পূরক গেজেটে ১০৫ জন বঞ্চিত প্রার্থীর কতজন তাঁদের মেধায় অর্জিত চাকরি ফিরে পান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরাই এমপি-মন্ত্রী হন, সবচেয়ে দুর্নীতিবাজরা নেতৃত্বে: ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজরা নেতৃত্বে চলে আসেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ…

রাজনীতি

ডিআইজির বাড়ি থেকে মাদক উদ্ধারেই বোঝা যায় আইনশৃঙ্খলার কতটা অবনতি: জামায়াত আমির

পুলিশের একজন ডিআইজির (উপমহাপরিদর্শক) বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ হিসেবে তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ই…

রাজনীতি

পদত্যাগের পর ইশরাকের সামনে মেয়র নির্বাচনের পথ: বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া, কৌশল নাকি শৃঙ্খলা তা নিয়ে বিতর্ক

মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনের পদত্যাগ দেশজুড়ে আলোড়ন তুলেছে। ক্ষমতাসীন বিএনপির ভেতরেও এ নিয়ে মিশ্র…

রাজনীতি

আসামে ১১শ’র বেশি বাঙালি মুসলিমের ঘর ভাঙার নিন্দা নাহিদের: ‘ভারত সংখ্যালঘুদের সুরক্ষায় পুরোপুরি ব্যর্থ’

ভারতের আসামে এক হাজার এক শর বেশি বাঙালি মুসলিমের বাড়িঘর ভেঙে ফেলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দল…