…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
আমেরিকা

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের পথে: আনন্দে প্রাণীপ্রেমীরা, জীবিকা নিয়ে শঙ্কায় চালকেরা

নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়ায় টানা গাড়ির যুগ শেষ হওয়ার পথে এগোচ্ছে শহর কর্তৃপক্ষ। সিটি কাউন্সিলে এই গাড়ি নিষিদ্ধের প্রস্তাব পাস হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে, আর তাতে একদিকে যেমন খুশি প্রাণী অধিকারকর্মী ও অনেক নিউইয়র্কবাসী, অন্যদিকে জীবিকা হারানোর শঙ্কায় পড়েছেন প্রায় দুই শতাধিক চালক।

১৬০ বছরের বেশি সময় ধরে সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি পর্যটকদের কাছে জনপ্রিয় একটি ঐতিহ্য। কিন্তু প্রাণীদের কল্যাণ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই ঐতিহ্য বরাবরই বিতর্কের মধ্যে থেকেছে।

বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি কাউন্সিলে গাড়িগুলো নিষিদ্ধ করার প্রস্তাব পাস হওয়ার কথা রয়েছে, আর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সময় ধরা হয়েছে ২০২৮ সালের জুন। মেয়র জোহরান মামদানি এই প্রস্তাবের পক্ষে রয়েছেন এবং এই খাতের কর্মীদের জন্য একটি রূপান্তর পরিকল্পনা তৈরিতে সহায়তার কথা বলেছেন।

পাঁচ বছর বয়সে সেন্ট্রাল পার্কে একটি গাড়ির ঘোড়াকে আদর করার পর থেকেই এই পেশার প্রতি টান তৈরি হয় অ্যালেক্সাস লসনের। ছয় বছর ধরে নিজের ঘোড়ার টানা গাড়ি চালাচ্ছেন ২৮ বছর বয়সী লসন। নিষেধাজ্ঞার খবরে তাঁর প্রশ্ন, ‘আমার ঘোড়াকে নিয়ে আমি কী করব? আমাকে বলা হচ্ছে আমি আর ওর সঙ্গে কাজ করতে পারব না—তাহলে ওর স্বাস্থ্যের নিশ্চয়তা দেব কীভাবে?’

নিষেধাজ্ঞার পক্ষে নতুন গতি আসে এই গ্রীষ্মে এক কিশোরের মৃত্যুর পর। জুনে ভারত থেকে পরিবারের সঙ্গে নিউইয়র্ক বেড়াতে আসা ১৮ বছর বয়সী রোমাঞ্চ মহাজন একটি গাড়িতে ছিলেন; ঘোড়া ছুটে গেলে তিনি গাড়ি থেকে পড়ে মারা যান। প্রস্তাবিত আইনটি তাঁর নামেই ‘রোমাঞ্চের আইন’ নামে পরিচিত পাচ্ছে। একই বছরে সেন্ট্রাল পার্কে বিষাক্ত উদ্ভিদ খেয়ে ডেনিজ নামে একটি গাড়ির ঘোড়ার মৃত্যুও ঘটেছে।

ম্যানহাটন বরো প্রেসিডেন্টের কার্যালয়ের হিসাবে, ১৯৮২ সাল থেকে সেন্ট্রাল পার্কে কাজ করা ৪০টি ঘোড়া মারা গেছে; অতিরিক্ত গরম ও সংঘর্ষসহ নানা কারণকে এর জন্য দায়ী করা হয়েছে। পার্ক পরিচালনাকারী অলাভজনক সংস্থা সেন্ট্রাল পার্ক কনজারভেন্সি, যারা নিষেধাজ্ঞার পক্ষে, বলেছে গত ১৩ মাসেই ঘোড়া-সংশ্লিষ্ট সাতটি ঘটনা ঘটেছে।

ঘটনাগুলোর মধ্যে মে মাসে একটি ভয় পেয়ে যাওয়া ঘোড়া আরেকটি গাড়িতে ধাক্কা দিলে গাড়ি উল্টে একজন চালক হাসপাতালে যান। জানুয়ারিতে ডেসটিনি নামের আরেকটি ঘোড়া পার্কের কাছের যানবহনে ঢুকে পড়ে একাধিক গাড়ির সংঘর্ষ ঘটায়।

চালকেরা অবশ্য ঘোড়ার প্রতি অবহেলার অভিযোগ মানতে নারাজ। ১২ বছর ধরে গাড়ি চালানো মেদেত ফিদান বলেন, ‘আমি আমার ঘোড়াদের সঙ্গে স্ত্রী-সন্তানের চেয়েও বেশি সময় কাটাই। আমাকে বলা হচ্ছে আমি ঘোড়ার ওপর অত্যাচার করি? কোনোভাবেই না।’ শিল্পের মানুষদের সঙ্গে সরাসরি কথা না বলে নিষেধাজ্ঞা পাস করা হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি।

লসনের নিজের ছয়টি ঘোড়া রয়েছে। তিনি বলেন, নিউইয়র্কের গাড়িগুলো দেশের মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত, আর ঘোড়ারা এই কাজের উদ্দীপনা উপভোগ করে। তাঁর মতে, ঘোড়াকে জোয়ালে দেখলেই অনেকে সেটাকে ফাঁদ মনে করেন, অথচ ঘোড়া কর্মজীবী প্রাণী। মহাজনের মৃত্যুর ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বললেও লসনের প্রশ্ন, নিরাপত্তাই যদি আসল উদ্বেগ হয়, তাহলে দুই বছর পরে নয়, এখনই নিষিদ্ধ করা হচ্ছে না কেন।

প্রস্তাবিত আইনে এই খাতের জন্য একটি রূপান্তর কাঠামোর কথা রয়েছে—সম্ভাব্য চাকরির ব্যবস্থা, প্রশিক্ষণ, ক্যারিয়ার পরামর্শ ও আর্থিক ক্ষতিপূরণ তার অংশ। জুলাইয়ে সিটি কাউন্সিলের শুনানিতে ঘোড়ার গাড়ির চালকসহ স্থানীয়রা মতামত দিয়েছেন; চালকদের ভাষ্যে তাঁদের বার্ষিক আয় প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার ডলার।

কিন্তু চালকদের প্রতিনিধিত্বকারী ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন বলেছে, পরিকল্পনায় ক্ষতিপূরণসহ কোনো নিশ্চয়তা নেই এবং কর্মীরা অর্থনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবেন। ঘোড়াগুলোকে পরে যাঁরা নেবেন, তাঁদের জন্য তহবিলের ঘাটতি নিয়েও উদ্বেগ জানিয়েছে ইউনিয়ন। প্রস্তাবিত বিলে ঘোড়াকে জবাইয়ের জন্য বা একই ধরনের কাজে বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে।

পার্কে আসা পর্যটকদের মতও বিভক্ত। জার্মান পর্যটক ভানেসা স্টোলের পরিবারের বাড়িতে ঘোড়া রয়েছে; তাঁর মতে ঘোড়া কোলাহলপূর্ণ পার্কে যাত্রী টানার জন্য নয়। আরেক জার্মান পর্যটক ক্রিশ্চিয়ান বাউয়ার্স ২০ বছর আগে পার্কে ঘোড়া দেখার স্মৃতি টেনে বলেন, এটি নিউইয়র্কের সংস্কৃতির অংশ, এগুলো থাকুক। বর্তমানে ঘোড়ারা দিনে নয় ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে; ২০ মিনিটের যাত্রার ভাড়া ৭২.২২ ডলার, প্রতি অতিরিক্ত দশ মিনিটে আরও ২৮.৮৯ ডলার।

১৮৬৬ সালে একটি গাড়ির ঘোড়াকে নির্মমভাবে পেটানো দেখে হেনরি বার্গ আমেরিকান সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিম্যালস (এএসপিসিএ) প্রতিষ্ঠা করেছিলেন—অর্থাৎ এই বিতর্কের শিকড় দেড় শতাব্দীরও পুরোনো। এখন কাউন্সিলের ভোটের দিকেই তাকিয়ে সবাই: পাস হলে ২০২৮ সালের জুন থেকে সেন্ট্রাল পার্কের পথে আর দেখা যাবে না শতাব্দীপ্রাচীন এই ঘোড়ার গাড়ি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

আমেরিকা বিভাগের আরও খবর

আমেরিকা

কানসাসে সিনেট বিতর্কে ট্রাম্প নিয়েই ফাটল: মার্শাল বললেন প্রেসিডেন্ট সব সময় ঠিক নন, বাইডেনের সীমান্ত নীতিকে ‘বিপর্যয়’ বললেন হ্যামিল্টন

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের বিতর্কে বুধবার রাতে মুখোমুখি হয়েছিলেন রিপাবলিকান সিনেটর রজার মার্শাল এবং তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন…

আমেরিকা

ভোটার পরিচয়পত্র নিয়ে আগিলারের মন্তব্য এখন তাঁর বিরুদ্ধেই অস্ত্র: ক্যালিফোর্নিয়ায় জালিয়াতির মামলার পর চাপে ডেমোক্র্যাট নেতা

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটদের তৃতীয় শীর্ষ নেতা পিট আগিলার এখন নিজের রাজ্য ক্যালিফোর্নিয়াতেই ভোটার পরিচয়পত্র নিয়ে করা মন্…

আমেরিকা

তথ্যের গোপনীয়তা নিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার দায়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা নিয়ে ভোক্তাদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার দায়ে মেটা প্ল্যাটফর্মসকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যকে ২৫ বিলিয…

আমেরিকা

'বোকামিপূর্ণ কথা': ট্রাম্পের মন্তব্য পাত্তাই দিল না ফরাসিরা

ফ্রান্সে চলমান ব্যাপক বিক্ষোভ, দাঙ্গা ও সহিংসতার ঘটনায় দেশটিতে যখন চরম অস্থিরতা বিরাজ করছে, তখন এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের লড়াই। ফরাসি ব…