লড়াই করেও পারল না বাংলাদেশ: খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির শিরোপা ভারতের
ভারতীয় মেয়েদের উচ্চতার বাধা উপেক্ষা করে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতাই ব্যবধান গড়ে দিল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে প্রতিবেশী দেশটি। চার জাতির এই নারী হ্যান্ডবল টুর্নামেন্টে লিগ পর্বের পর ফাইনালেও ভারতের কাছে হারতে হলো আনা আলোনসো ফ্রাগুয়ার দলকে।
ফাইনালের শুরু থেকেই লড়াকু মানসিকতার পরিচয় দেয় বাংলাদেশ। প্রথম ১০ মিনিটে দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি, সমানে সমান লড়াই। স্বাগতিক দর্শকদের সমর্থনে উজ্জীবিত বাংলাদেশের মেয়েরা ভারতের শক্তিশালী আক্রমণের সামনে প্রথম দিকে দারুণ প্রতিরোধ গড়ে তোলে।
তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। প্রথমার্ধ শেষে ১৪-৯ গোলে এগিয়ে ছিল তারা। গোল করার দক্ষতা আর অভিজ্ঞতার জোরে ব্যবধানটা ক্রমেই বাড়িয়ে নেয় সফরকারীরা।
বিরতির পর ব্যবধান কমানোর চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ভারতের জমাট রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় বারবার আটকে যায় স্বাগতিকদের আক্রমণ। অন্যদিকে, সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ভারত।
শেষ দিকে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেও সফল হতে পারেননি সাকিবা-নিশিরা। বাংলাদেশের গোলের একাধিক প্রচেষ্টা রুখে দিয়ে ভারতের জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক দিকশা কুমারী; দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।
আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ভাওয়ানা শর্মা। তার ধারাবাহিক পারফরম্যান্সই ভারতের অপরাজিত যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
হারলেও ফাইনালে ওঠার পথটা সহজ ছিল না বাংলাদেশের। লিগ পর্বে নেপাল ও মালদ্বীপকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল স্বাগতিকরা। তবে লিগ পর্বেও ভারতের কাছে হারতে হয়েছিল তাদের; ফাইনালে সেই ব্যবধান ঘোচানো গেল না।
এর আগে, বুধবার মালদ্বীপকে হারিয়ে টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জেতে নেপাল। ফলে চার জাতির এই আসরে চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ বাংলাদেশ এবং তৃতীয় নেপাল।
ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং টুর্নামেন্ট কমিটির কো-অর্ডিনেটর এস এম খালেকুজ্জামান স্বপন।
শিরোপা হাতছাড়া হলেও ফাইনালে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াই দেশের নারী হ্যান্ডবলের অগ্রগতিরই প্রমাণ দিচ্ছে। ঘরের মাঠে এমন আন্তর্জাতিক আসরের অভিজ্ঞতা সামনের দিনগুলোতে দলকে আরও পরিণত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




