প্রেক্ষাগৃহের পাশাপাশি ঘরেও দেখা যাবে ‘রামায়ণ’, তবে আলাদা টাকা দিয়ে কিনতে হবে ছবিটি
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: রাইস অব দ্য লিজেন্ড’। নমিত মালহোত্রার মেগা প্রজেক্ট ও নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত এই মহাকাব্যিক ছবি নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
তবে যাঁরা হলে গিয়ে এই ড্রামা বড় পর্দায় দেখতে পারবেন না, তাঁদের জন্যও এসেছে সুখবর। বসার ঘরেই হাজির হবেন রণবীর কাপুর ও সাই পল্লবীরা। প্রেক্ষাগৃহে প্রদর্শনী শেষে ছবিটি ঘরে বসে দেখার সুযোগ মিলবে।
তবে সাধারণ ওটিটি সাবস্ক্রিপশনে ফ্রিতে নয়। ‘পে-পার-ভিউ’ বা অন-ডিমান্ড পারচেজ মডেলে আলাদা টাকা দিয়ে কিনে ছবিটি দেখতে পারবেন দর্শকরা। অর্থাৎ সাবস্ক্রিপশন থাকলেও এই ছবির জন্য আলাদা করে অর্থ গুনতে হবে।
এই ঘোষণা এসেছে প্রাইম ফোকাস স্টুডিওস ও জিওহটস্টারের এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে। দুই প্রতিষ্ঠানের এই অংশীদারত্বের ফলেই ছবিটির প্রেক্ষাগৃহ-পরবর্তী ঘরোয়া প্রদর্শনের পথ খুলল।
জিওস্টারের চেয়ারম্যান নীতা এম আম্বানি এই উদ্যোগ নিয়ে বলেন, ‘রামায়ণ আমাদের সভ্যতার অন্যতম অমূল্য সম্পদ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের জীবনবোধ ও কল্পনাকে অনুপ্রাণিত করেছে। ভারত যখন গল্প বলার এক নতুন যুগে প্রবেশ করছে, তখন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার এটি এক দুর্দান্ত সুযোগ।’
তিনি আরও বলেন, জিওহটস্টারে তাঁদের লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে সেরা গল্পগুলো প্রতিটি ভারতীয়র কাছে পৌঁছে দেওয়া। এই মহাকাব্যিক সৃষ্টিকে দেশের প্রতিটি পরিবারের কাছে নিয়ে যাওয়া এবং নতুন প্রজন্মকে এর চিরন্তন মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া তাঁদের জন্য পরম সৌভাগ্যের।
ছবির প্রযোজক নমিত মালহোত্রা বলেন, ‘আমি বিশ্বাস করি রামায়ণ সিনেমা হলের সবচেয়ে বড় পর্দায় অর্থাৎ IMAX 3D-তেই দেখার মতো একটি অভিজ্ঞতা। কিন্তু আমাদের দেশের সিনেমা অবকাঠামো সব মানুষের কাছে পৌঁছাতে পারে না। রামায়ণ প্রতিটি ভারতীয়র, তাই আমাদের লক্ষ্যও তেমনই বড় হওয়া উচিত।’
মালহোত্রার ভাষ্য, জিওহটস্টারের সঙ্গে হাত মিলিয়ে সিনেমা হলের প্রদর্শনী শেষে ছবিটি মানুষের হাত ও বসার ঘরে পৌঁছে দেওয়াই তাঁদের উদ্দেশ্য। তাঁর এই বক্তব্যেই স্পষ্ট, প্রেক্ষাগৃহের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েই ঘরোয়া মুক্তির পরিকল্পনা সাজানো হয়েছে।
আগামী ৫ নভেম্বর দীপাবলির পুণ্য তিথিতে বিশ্বজুড়ে IMAX 3D-সহ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুই পর্বের এই লাইভ-অ্যাকশন সিরিজের প্রথম পর্ব। ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে।
ছবির দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালে। ফলে প্রথম পর্বের সাফল্যের ওপরই নির্ভর করবে এই মেগা প্রজেক্টের পরবর্তী যাত্রা।
অভিনয়শিল্পীদের তালিকাও তারকাখচিত। ছবিতে শ্রী রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর, মা সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল। লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করবেন রবি দুবে।
অন্যান্য চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, কুণাল কাপুর ও কাজল আগারওয়াল। এত বড় তারকাসমাহারই ছবিটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে ‘রামায়ণ’ এখন শুধু একটি ছবির মুক্তির অপেক্ষা নয়; প্রেক্ষাগৃহ থেকে ঘরের পর্দা পর্যন্ত এর বিস্তৃত মুক্তি-পরিকল্পনাই বলে দিচ্ছে, নির্মাতারা এটিকে ভারতীয় সিনেমার একটি মাইলফলক ঘটনা হিসেবে দাঁড় করাতে চাইছেন।





