…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
জাতীয়

চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিনিয়োগ ও বাণিজ্যে নতুন গতির আশা

নিজস্ব প্রতিবেদক

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম জাপান সফর।

গত ২০ অক্টোবর দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী সফর চলবে ২৬ থেকে ২৯ অক্টোবর। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সফরের মূল লক্ষ্য হিসেবে সামনে এসেছে নতুন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করা। টোকিও আশা করছে, এই সফরে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি আসবে, বিনিয়োগ বাড়বে এবং ব্যবসায়িক আস্থা আরও জোরদার হবে।

সফরের দ্বিতীয় দিন, ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন বলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন।

ঢাকায় জাপান দূতাবাস জানিয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে তারা আশা করছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধি এবং বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। জাপান সরকারের মতে, সফরটি অভিন্ন অগ্রাধিকারগুলো পুনর্ব্যক্ত করারও সুযোগ তৈরি করবে।

অর্থনৈতিক সহযোগিতা নিয়ে জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ বলেছে, নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে বাংলাদেশে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে জাপান বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন। এ ছাড়া জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিনিয়োগের সুযোগ, বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্প খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি।

সম্ভাব্য কর্মসূচিতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রয়েছে। পাশাপাশি জাইকার প্রেসিডেন্ট, জেট্রোর প্রেসিডেন্ট, জেবিআইসির গভর্নর এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে সফর ও পরিদর্শনের অংশও কম নয়। চিবা প্রিফেকচারের ফুতসু শহরের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়া শহরে টয়োটার একটি কারখানা পরিদর্শনও অন্তর্ভুক্ত রয়েছে।

পররাষ্ট্রসচিব জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক সই অথবা নতুন সহযোগিতার ঘোষণা আসতে পারে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার অনুযায়ী বাংলাদেশে কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলোচনার তালিকায় আরও রয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএর কার্যকর বাস্তবায়ন এবং জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর উপায়। দ্বিপক্ষীয় অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান এবং জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা জোরদার নিয়েও আলোচনা হতে পারে।

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী জাপান। ঢাকার মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী উন্নয়ন প্রকল্পসহ দেশের বেশ কয়েকটি বড় অবকাঠামো প্রকল্পে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দুই দেশের আশা, এই সফর ২০২৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নেবে এবং বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নে নতুন গতি যোগ করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে একনেক বৈঠক স্থগিত, পিছিয়ে গেল প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজ…

জাতীয়

টানা চতুর্থ দফায় কমল সোনার দাম: ভরিতে সাড়ে তিন হাজার টাকার বেশি ছাড়, আজ থেকে কার্যকর

টানা চতুর্থ দফায় দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের …

জাতীয়

জালে মাছ কম, তবু কমতি নেই আনন্দে: ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব

একবার, দুবার, তিনবার — এভাবে পরপর চারবার জাল ফেলেও মাছের দেখা পেলেন না পরিমল রায়। প্রতিবারই খালি জাল তুলে হতাশ হয়ে দাঁড়াচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের ভূল্ল…

জাতীয়

বিসর্জনের প্রস্তুতির মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত: যশোরের কৈখালীতে দ্বিতীয় দফায় হলো দুর্গাপূজা

সারা দেশে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে ২১ অক্টোবর। কিন্তু যশোর সদর উপজেলার কৈখালী সর্বজনীন দুর্গা মন্দিরে ঘটেছে এক ব্যতিক্রমী আয়োজন। প…