…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
ইউরোপ

স্টারলিংকের ওপর ইউক্রেনের নির্ভরতা কতটা গভীর, ইউরোপ কি সেই ঘাটতি পূরণ করতে পারবে

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের জরুরিভাবে একটি নতুন স্যাটেলাইট ইন্টারনেট সেবা দরকার, কিন্তু ইলন মাস্কের স্টারলিংক নেটওয়ার্কের দ্রুত ও নির্ভরযোগ্য বিকল্প এই মুহূর্তে নেই বললেই চলে। গত সপ্তাহে ইউক্রেনে সেবাটির হঠাৎ ধীরগতি, যা রুশ হামলা থেকে আত্মরক্ষায় কিয়েভের সক্ষতাকে প্রভাবিত করেছিল, দেশটি কতটা ঝুঁকিতে থাকতে পারে তা দেখিয়ে দিয়েছে এবং নিজস্ব সামরিক-মানের স্যাটেলাইট নেটওয়ার্ক পেতে ইউরোপের তাড়া তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে।

কয়েকটি বিকল্প আছে, কিন্তু সবগুলোই স্টারলিংকের পেছনে। স্টারলিংক বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট নেটওয়ার্ক। ফ্রান্সের ইউটেলস্যাট, তার ওয়ানওয়েব ইন্টারনেট সেবা নিয়ে, প্রধান বিকল্প—কিন্তু তার সক্রিয় স্যাটেলাইট মাত্র প্রায় ৬০০টি, যেখানে স্টারলিংকের সংখ্যা ১০ হাজারের বেশি।

ইউরোপীয় ইউনিয়ন স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে আইরিস² নামে একটি নতুন নেটওয়ার্ক নিয়ে কাজ করছে, তবে তা ২০২৯ সালের আগে চালু হবে না।

মাটিতে থাকা ইউক্রেনীয় সেনাদের জন্য, যাদের কয়েকজন নাম প্রকাশ না করে কথা বলেছেন, নির্ভরযোগ্য যোগাযোগ জীবন-মৃত্যুর পার্থক্য। একজন বলেন, ঈশ্বর না করুন তারা যদি এটি পুরোপুরি বন্ধ করে দেয়, তা হবে সম্পূর্ণ বিপর্যয়। আমাদের জীবন যখন ঝুঁকিতে, তখন বিকল্পের খরচ কত তা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই বলেও তিনি জানান।

আপাতত ইউক্রেনের সেরা সুযোগ হলো ইইউর স্যাটেলাইট ভাগাভাগির নেটওয়ার্ক গভস্যাটকমে যোগ দেওয়া—কিন্তু তা ড্রোন নিয়ন্ত্রণের মতো সামরিক যুদ্ধকাজে ব্যবহার করা যায় না।

এই দুর্বলতাটি মাস্ক নিজেই শনিবার তুলে ধরেন, যখন তিনি ইউক্রেনের বিরুদ্ধে স্টারলিংকের সেবার শর্ত ভঙ্গ করে তা ‘মানুষ হত্যায় ড্রোন হামলায়’ ব্যবহারের অভিযোগ তোলেন। সেই ফাঁক গত সপ্তাহে বন্ধ করা হয়েছে জানিয়ে তিনি লেখেন, ওই শর্ত ভঙ্গ হলে সেবা বন্ধ হয়ে যাবে। তিনি আরও যোগ করেন, স্টারলিংক বন্ধ হয়ে গেলে ইউক্রেনের সম্মুখভাগ সঙ্গে সঙ্গে ভেঙে পড়বে।

স্টারলিংক ও তার সামরিক-মানের সেবা স্টারশিল্ড—দুটোই মাস্কের স্পেসএক্স কোম্পানির মালিকানাধীন এবং বছরের পর বছর ধরে বৈশ্বিক স্যাটেলাইট বাজারে আধিপত্য ধরে রেখেছে। যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য ইউক্রেন স্টারলিংকের ওপর এবং ড্রোন যুদ্ধের মতো সামরিক কাজে স্টারশিল্ডের ওপর নির্ভর করে। এই নেটওয়ার্ক দ্রুত, তাৎক্ষণিক যোগাযোগ দিতে পারে, যা প্রতিরক্ষা ও রুশ হামলা ঠেকানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফরাসি আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের গবেষক ভিনসেন্ট তুরে বলেন, এই ধরনের উচ্চগতির ইন্টারনেট সংযোগ ছাড়া ড্রোন যুদ্ধ চালানো যায় না। গত সপ্তাহের ধীরগতি, যা সবে পুনরুদ্ধার হয়েছে, কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন বাড়তে থাকা সময়ে একটি মার্কিন সরবরাহকারীর ওপর নির্ভর করার ঝুঁকি তুলে ধরেছে।

ফরাসি এমইপি ক্রিস্তফ গ্রুদলার লেখেন, ইউক্রেনের প্রতিরক্ষা ট্রাম্প কিংবা মাস্কের খেয়ালের ওপর নির্ভর করতে পারে না। স্টারলিংকের বিধিনিষেধ কে অনুমোদন করেছিল, তা এখনো স্পষ্ট নয়; পেন্টাগন, ডোনাল্ড ট্রাম্প ও মাস্কের মধ্যে বিভ্রান্তিকর দোষারোপ চলছে।

সিএসআইএসের অ্যারোস্পেস সিকিউরিটি প্রকল্পের পরিচালক কারি বিঙ্গেন বলেন, স্টারলিংক এই সংঘাতে ইউক্রেনের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি হলেও সেই নির্ভরতার উল্টো পিঠ এখন প্রকাশ পেয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা, যার ওপর ইউক্রেন নির্ভর করে, কিন্তু যা সে নিয়ন্ত্রণ করে না।

স্যাটেলাইটের সঙ্গে সংযোগের টার্মিনালগুলোও একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্টারলিংকের টার্মিনাল তুলনামূলক ছোট ও হালকা, ফলে যেকোনো ধরনের যান বা ড্রোনে তা বসানো যায়। ফরাসি স্যাটেলাইট কোম্পানিটির সাবেক প্রধান নির্বাহী ইভা বের্নেকে বলেন, ইউটেলস্যাটের টার্মিনাল কিছুটা বড়, গাড়ির ছাদে বা ট্যাংকে বসানো যায়, কিন্তু ছোট ড্রোনে তা বসানো যায় না। সেগুলো প্রায় পাঁচ গুণ বেশি দামি বলেও তিনি যোগ করেন।

ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র বলেন, ইউরোপ বুঝতে পেরেছে তার নিরাপত্তা মহাকাশের ওপর নির্ভর করে এবং তাকে জরুরিভাবে তার স্যাটেলাইট সক্ষমতা শক্তিশালী করতে হবে। এই মুহূর্তে তার হাতে রয়েছে গভস্যাটকম, জানুয়ারিতে চালু হওয়া একটি নেটওয়ার্ক, যেখানে ইইউ সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যমান স্যাটেলাইট ভাগ করা হয়। ইউক্রেন পূর্ণ সদস্য নয়, যদিও তা হওয়ার চেষ্টা করছে, এবং কমিশন কিয়েভের যোগ দেওয়া নিয়ে আলোচনায় রয়েছে।

কিন্তু ইউক্রেন আগামীকালই সংযুক্ত হতে পারলেও এই নেটওয়ার্ক ড্রোন চালানোর মতো যুদ্ধকাজে ব্যবহার করা যাবে না, যেখানে স্টারশিল্ড ব্যবহৃত হয়। আগামী বছরের শুরু নাগাদ তা বদলাতে পারে, যখন ইউরোপীয় কমিশন আশা করছে ইউটেলস্যাটের ওয়ানওয়েবের মতো বাণিজ্যিক কোম্পানিগুলো এই কর্মসূচিতে যোগ দেবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

ইউরোপ বিভাগের আরও খবর

ইউরোপ

দ্বিতীয় দফার বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক প্রায় এক হাজার; ইতালির মিলানে সেনা মোতায়েন, ইউরোপজুড়ে রাজপথে তরুণরা

ফ্রান্সে শিক্ষাব্যবস্থার অবনতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ক্রমবর্ধমান বৈষম্যের প্রতিবাদে দ্বিতীয় দফায় রাজপথে নেমেছেন লাখো মানুষ। শনিবার (২৪ অক্টোবর…

ইউরোপ

ব্রিটেনে কোকেন-সংশ্লিষ্ট অপরাধ বাড়ছে: এক বছরে সেবন ১ লাখ ২৩ হাজার কেজি, বাজারমূল্য প্রায় ১ হাজার কোটি পাউন্ড

ব্রিটেনে কোকেনের সেবন দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মাদক-সংশ্লিষ্ট অপরাধও — হামলা, পারিবারিক নির্যাতন ও বিপজ্জনক গাড়ি চালানোসহ নানা ঘটনায় এই মাদকে…

ইউরোপ

ফ্রান্সজুড়ে আবার বিক্ষোভ, রাতভর সংঘর্ষের পর গ্রেপ্তার প্রায় এক হাজার

ফ্রান্সজুড়ে আরেক দফা বিক্ষোভে কয়েক লাখ মানুষ রাস্তায় নেমেছেন। অধিকাংশ জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও প্যারিসসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের…

ইউরোপ

প্যারিসে বিক্ষোভের আশঙ্কায় বন্ধ ল্যুভরসহ বড় জাদুঘরগুলো, মোনালিসা দেখতে না পেরে হতাশ পর্যটকরা

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জনসেবার অবনতি নিয়ে ফ্রান্সজুড়ে বিক্ষোভের জেরে প্যারিসের সাংস্কৃতিক অঙ্গনে অচলাবস্থা তৈরি হয়েছে। নতুন করে বিক্ষোভের আশঙ্ক…