বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে তৃতীয় ধাপে ৪ অসহায় পরিবারের নারীদের সেলাই মেশিন বিতরণ
স্বাবলম্বী নারী, সমৃদ্ধ সমাজ — এই লক্ষ্য সামনে রেখে মানবিক উদ্যোগে এগিয়ে যাচ্ছে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ। সংগঠনটির উদ্যোগে তৃতীয় ধাপে বড়লেখা উপজেলার চারটি ইউনিয়নের চারটি অসহায় পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনওয়ার হোসেন (আমেরিকা প্রবাসী), সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ (আমেরিকা প্রবাসী) ও সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান রাসেলের (পর্তুগাল প্রবাসী) অর্থায়নে এবং পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল নারীদের স্বাবলম্বী করা ও তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা মাস্টার জাকির হোসেন এবং সঞ্চালনা করেন পরিষদের শুভাকাঙ্ক্ষী আহমদ নুমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও বড়লেখা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পরিষদের একমাত্র মহিলা উপদেষ্টা আমিনা বেগম ডলি, শুভাকাঙ্ক্ষী শাহাজান চৌধুরী সাজু, ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চৌধুরী এবং টিম ফর কোভিড-ডেথ বড়লেখা-জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন শুভাকাঙ্ক্ষী সাদিকুর রহমান শাহেদ, নারী উদ্যোক্তা ও আবৃত্তি শিক্ষক হামিদা বেগম ঝুমা, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান।
এবারের ধাপে বড়লেখা সদর ইউনিয়ন, ৭নং তালিমপুর ইউনিয়ন, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন ও ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চারটি অসহায় পরিবারের নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে সহায়তা করা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, সংগঠনটি আর্তমানবতার সেবায় প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে — অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
পরিষদের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতে অর্থায়নকারী দায়িত্বশীলবৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
মানবতার সেবায় অসহায় মানুষের পাশে থেকে পরিষদের পথচলা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।



