স্ট্রাসবার্গে ৩০০ রুপির ট্রাম টিকিট অনুমোদন না করায় ১৩ হাজার রুপি জরিমানা ভারতীয় দম্পতির

প্রথমবার ইউরোপ ভ্রমণে গিয়ে নিয়ম না জানার মাশুল গুনতে হয়েছে এক ভারতীয় ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর দম্পতিকে। ফ্রান্সের স্ট্রাসবার্গে মাত্র ৩০০ রুপির ট্রাম টিকিটে অনুমোদন (ভ্যালিডেট) না করায় ১৩ হাজার রুপি জরিমানা গুনেছেন ভাঞ্চা ও সক্ষম নামের এই দম্পতি।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় ইউরোপ ভ্রমণকারীদের সতর্ক করে ভাঞ্চা বলেন, তারা এইমাত্র স্ট্রাসবার্গে নেমেছেন। এয়ারবিএনবি-তে পৌঁছানোর জন্য তাদের শুধু একটি ট্রাম ধরতে হতো। তারা টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট কেনেন, যেখানে কোনো নির্দেশনা ছিল না বলে তিনি জানান।
ভাঞ্চা জানান, কিওস্কে কার্ড পাঞ্চ করে টিকিট ভ্যালিডেট করতে হতো, যা তারা জানতেন না। ফলে অনুমোদন ছাড়াই তারা ট্রামে উঠে পড়েন। তার ভাষায়, দুটি স্টেশন পরেই একজন পরিদর্শক আসেন এবং তাদের জরিমানা করেন। তারা বহু আকুতি-মিনতি করে বলেছিলেন যে তারা পর্যটক এবং তাদের সব বুকিং রয়েছে, এবং তারা শুধু জানতেন না যে কার্ড পাঞ্চ করতে হয়।
তিনি আরও বলেন, সেখানে তাদের সাহায্য করার মতো কোনো কর্মী ছিল না এবং পরিদর্শকও কোনো কথা শুনতে চাননি। ভাঞ্চার ভাষায়, আপনি পর্যটক কি না কিংবা আপনার উদ্দেশ্য ভালো কি না, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যবহারকারী নিজেদের মতামত প্রকাশ করেন। একজন লিখেছেন, চিন্তা করবেন না, এগুলো ভ্রমণের অভিজ্ঞতা; ১৫ বছর ধরে ঘুরেও তিনি এখনো শিখছেন। আরেকজন জানান, পরিদর্শকরা প্রতিদিন যত টাকা জরিমানা আদায় করেন, তার ওপর কমিশন পান বলেই কোনো অনুরোধ শোনেন না। অন্য একজন লিখেছেন, তার মাসিক সাবস্ক্রিপশন থাকা সত্ত্বেও একই ধরনের জরিমানার মুখোমুখি হতে হয়েছিল।




