সন্তানদের প্রতিষ্ঠিত করে শেষ বয়সে একা: বাবুগঞ্জে ভাড়া বাসা থেকে বৃদ্ধা মায়ের লাশ উদ্ধার
সন্তানদের ভবিষ্যৎ গড়তে জীবনের বড় একটি সময় সৌদি আরবে কাটিয়েছিলেন তাহমিনা বেগম (৬৫)। অথচ জীবনের শেষ সময়ে তার ঠাঁই হয়েছিল বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুন হাট এলাকার একটি ভাড়া বাসায়, যেখানে তিনি একাই থাকতেন। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে ওই ভাড়া বাসা থেকে তার পচনধরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এক থেকে দুই দিন আগে তাহমিনা বেগমের মৃত্যু হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তাহমিনা বেগম বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মৃত কদম আলী হাওলাদারের স্ত্রী। প্রায় ২০ বছর আগে স্বামীকে হারান তিনি। তখন তার চার সন্তান ছিল ছোট।
স্থানীয় ও নিকট আত্মীয়দের কাছ থেকে জানা গেছে, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে স্বামীর বসতঘর বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমান তাহমিনা বেগম। সেখানে প্রায় ১০ বছর কাজ করে উপার্জিত অর্থ দিয়ে চার সন্তানকে লালন-পালন ও প্রতিষ্ঠিত করেন তিনি।
তার বড় ছেলে সুমন রাজধানীর উত্তরায় বসবাস করেন; সেখানে তার ছয়তলা ভবন ও বৈদ্যুতিক বোর্ড তৈরির কারখানা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ছোট ছেলে আওলাদও ঢাকায় কাজ করেন। দুই মেয়ে হিরা ও মুক্তাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছেন তিনি।
প্রায় তিন মাস আগে তাহমিনা বেগমকে নতুন হাট এলাকার ওই বাসায় ভাড়া রাখেন তার বড় ভাই রমিজ। এরপর থেকে তিনি সেখানে একাই থাকতেন। বাড়ির মালিক আব্দুল বারেক জানান, তাহমিনা বেগম প্রায়ই অসুস্থ থাকতেন; মাঝেমধ্যে বাজারের বিভিন্ন দোকানে ঘোরাফেরা করতেন। গত তিন মাসে তার ছেলে-মেয়ে একবারের জন্যও তাকে দেখতে আসেনি বলে জানিয়েছেন বাড়ির মালিক।
গত দুই দিন ধরে তাহমিনা বেগমকে বাইরে দেখা যায়নি। শনিবার বিকেল থেকে বাসাটির আশপাশে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। তবে প্রথমে বাড়ির মালিক আব্দুল বারেক ধারণা করেছিলেন, পাশের কোনো কক্ষে ইঁদুর মারা যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
রবিবার সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তিনি বুঝতে পারেন, গন্ধ আসছে তাহমিনা বেগমের কক্ষ থেকে। পরে তার বড় ভাইকে খবর দেওয়া হয়। তিনি বাসায় এসে কক্ষের দরজা কিছুটা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করে বোনের লাশ পড়ে থাকতে দেখে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহতের বড় ভাই সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক থেকে দুই দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
