পাঁচটি মৌলিক গান নিয়ে প্রথম অ্যালবাম আনছেন সিকদার বাসুদেব, প্রথম ভিডিও নভেম্বরে
নিজের কণ্ঠ ও সুরে পাঁচটি মৌলিক গান নিয়ে প্রথম অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী সিকদার বাসুদেব। অ্যালবামটির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। প্রথম অ্যালবাম প্রকাশকে তিনি নিজের সামগ্রিক সংগীতজীবনের একটি বিশেষ ও নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করছেন।
অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন রুদ্র। সব কটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে অডিও-ভিজ্যুয়াল প্রতিষ্ঠান ‘স্টুডিও শুরুরং’-এ।
অ্যালবামের পাঁচটি গানের মধ্যে তিনটি গানের কথা লিখেছেন সিকদার বাসুদেব নিজেই। গান তিনটি হলো ‘বেদনা কুড়াই’, ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’ এবং ‘তোমার জন্য গাথিবো মালা’।
অন্য দুটি গানের মধ্যে ‘বসন্ত চলে যায়’ লিখেছেন জয়দ্রত বিশ্বাস। ‘তুমি যাবে কোথায় আমাকে ছাড়া’ গানটির কথা লিখেছেন মাহমুদ।
অ্যালবামের প্রথম গান হিসেবে ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’-এর একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে বাগেরহাটের বিভিন্ন লোকেশনে এবং এতে শিল্পীর বিপরীতে মডেল হয়েছেন অভিনেত্রী মার্সিয়া শাওন।
ভিডিওটি নির্মিত হয়েছে তানভীর শাহজাদের চিত্রগ্রহণ পরিকল্পনা ও আকাশ সরকারের সিনেমাটোগ্রাফিতে। সম্পাদনার কাজ শেষ হলে আগামী নভেম্বরেই ভিডিওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে।
শৈশব থেকেই গানের সঙ্গে যুক্ত সিকদার বাসুদেব ছায়ানট সংগীত বিদ্যায়তন থেকে তিন বছর মেয়াদি সংগীত শিক্ষা সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয়জীবনে তিনি ‘আনন্দনগর’ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে নিজের ব্যান্ড ‘দ্যুলোক’ গড়ে তোলেন। জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর সঙ্গে বিভিন্ন মঞ্চে অতিথি শিল্পী হিসেবে পরিবেশনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
সংগীতচর্চার পাশাপাশি পেশাগত জীবনে সিকদার বাসুদেব একটি বেসরকারি ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ডিং বিভাগে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন তালিকাভুক্ত সংগীত পরিচালক ও সুরকার এবং ‘স্টুডিও শুরুরং’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
শিল্পী জানান, নভেম্বরে প্রথম মিউজিক ভিডিওটি উন্মোচনের পর পর্যায়ক্রমে অ্যালবামের বাকি গানগুলোও শ্রোতাদের সামনে নিয়ে আসা হবে। তিনি নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সিকদার বাসুদেব অ্যান্ড দ্যুলোক’ এবং স্টুডিও শুরুরং প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত গান প্রকাশ করেন।



