কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বিএনপি নেতা সেলিমসহ নিহত দুজন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশল বিভাগের কার্যসহকারী ও বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এম সেলিম (৪৫) এবং মাদারীপুরের শিবচর উপজেলার শাহজাহান মিয়ার ছেলে ইমরান হোসেন (৩৭)।
সোমবার সকালে জি এম সেলিম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় জি এম সেলিমকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
এর আগে ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকায় চাকা মেরামত করার সময় পিকআপ ভ্যানের চালক ইমরান হোসেনকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানিয়েছেন, সোমবার ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকা থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। তিনি জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


