এইচএসসি পাসে ঢাকার আউটলেটগুলোতে সেলস অ্যাসোসিয়েট নেবে আড়ং, বেতন ১০ হাজার টাকা
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং সেলস অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে কতজনকে নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্ধারিত করে বলা হয়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১১ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদটিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে, তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং কর্মক্ষেত্র হবে আড়ংয়ের আউটলেটে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩২ বছর।
কর্মস্থল হবে ঢাকায়। বিজ্ঞপ্তিতে বনানী, বনশ্রী, ধানমন্ডি, গুলশান, মিরপুর, মিরপুর ১, মগবাজার, উত্তরা সেক্টর ৪ ও ওয়ারীর আউটলেটের নাম উল্লেখ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক ১০ হাজার টাকা বেতন পাবেন। এর পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
