২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু: মোট মৃত্যু ১ হাজার ২৪০, নতুন আক্রান্ত ১ হাজার ২৯৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া সাত শিশুর মধ্যে ছয়জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে এবং একজন মারা গেছে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে।
একই ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও এক হাজার ২৯৫ শিশু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ২৩২ শিশু।
এই সাত মৃত্যু নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১৩৫ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।
এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ৫৪১ জন।
মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৯১ হাজার ৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।




