অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বুধবার দুপুরে অন্ধ্র উপকূল পার হতে পারে, বাংলাদেশের চার বন্দরে ৩ নম্বর সংকেত
ঘণ্টায় দেড়শ কিলোমিটার পর্যন্ত গতির বাতাসের শক্তি নিয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ভারতের আবহাওয়া অফিস বলছে, আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুর নাগাদ অর্ণব অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপাতলা ও বিশাখাপত্তমের মধ্যবর্তী স্থান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
সে সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।
সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।
ভারতীয় আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
সে সময় অন্ধ্রপ্রদেশের নিম্নাঞ্চলগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ৫ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।
বাংলাদেশে অর্ণবের বড় কোনো প্রভাব পড়ার ঝুঁকি কম। তবে ঘূর্ণিঝড়ের কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার দেশের আট বিভাগেই কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সময়ে রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশালসহ অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তারপর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে কেবল বান্দরবানে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, বাকি বেশিরভাগ স্থানে কোনো বৃষ্টিপাত হয়নি।
মঙ্গলবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।



