আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন খেলোয়াড় তৈরি ও তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতেই এই পরিকল্পনার কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এসব স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা বাড়বে এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগ আরও সম্প্রসারিত হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বরিশালে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ লক্ষ্যে সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে কাজ করে যাচ্ছে বলে প্রতিমন্ত্রী জানান।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে।
সেই সঙ্গে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার এবং বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পর প্রতিমন্ত্রী বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে এই কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়া হবে।




