চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনকে আরও সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত

চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুটি হত্যা মামলায় আলাদা আলাদা মেয়াদে এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ডেভিড ইমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দুই মামলায় তার রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ডের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার একটি ডাবল মার্ডার মামলায় পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, সিএমপির বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় তাকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। দুই মামলা মিলিয়ে মোট রিমান্ডের মেয়াদ দাঁড়িয়েছে সাত দিন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী সংবাদমাধ্যমকে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।




