ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আগের দিন মাঠে এসআরবি: ৬ টহল দল, ২ স্ট্রাইকিং দল, ড্রোন ও ডগ স্কোয়াড

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে দায়িত্ব পালন করবে ছয়টি মোবাইল টহল দল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন।
এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি অধিক গুরুত্বপূর্ণ এবং ৭০টি মধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
নির্বাচনী এলাকার নিরাপত্তায় গত ২৫ অক্টোবর থেকে এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটের দিন এবং ভোটের পরবর্তী দুই দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে।
নিরাপত্তা কার্যক্রমে সন্দেহজনক বস্তু শনাক্তে ডগ স্কোয়াড, বিস্ফোরক-সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি অর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে।
মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য চালু করা হয়েছে অপারেশনস কন্ট্রোল রুম। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি-১৩।
সংবাদ সম্মেলনে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। পাশাপাশি গুজব ও উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হওয়া এবং কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়। এসআরবি-১৩ জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে তারা।
গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এই উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় ঐক্যের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




