দুর্নীতির দায়ে ১০ বছরের সাজা শেষে মুক্ত এল সালভাদরের সাবেক প্রেসিডেন্ট সাকা
এল সালভাদরের সাবেক প্রেসিডেন্ট এলিয়াস আন্তোনিও সাকা দুর্নীতির দায়ে ১০ বছরের কারাদণ্ড ভোগ শেষে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার তিনি মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে আদালতে হাজির হন। প্রেসিডেন্ট থাকাকালে (২০০৪–২০০৯) তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে ৩০ কোটি ডলারের বেশি অর্থ সরানো ও পাচারের কথা স্বীকার করে সমঝোতা চুক্তি (প্লি বার্গেইন) করেছিলেন।
সাকার আইনজীবী মারিও মাচাদো জানিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্ট আগাম মুক্তির কোনো সুবিধা না নিয়েই পুরো সাজা ভোগ করেছেন।
বয়স ৬১ বছর। ব্যবসায়ী ও বেতার সম্প্রচারক হিসেবে পরিচিত সাকা ডানপন্থী ন্যাশনালিস্ট রিপাবলিকান অ্যালায়েন্স (আরেনা) দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
২০১৬ সালে ছেলের বিয়ের অনুষ্ঠান চলাকালে সাকাকে প্রথম গ্রেপ্তার করা হয়। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে অর্থ আত্মসাতের দায়ে পাঁচ বছর এবং অর্থপাচারের দায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড হয় তাঁর।
সমঝোতা চুক্তির কারণে সম্ভাব্য ৩০ বছরের কারাদণ্ড এড়াতে সক্ষম হন সাকা। চুক্তির শর্ত অনুযায়ী তিনি অপরাধ স্বীকার করেন।
২০১৯ সালে নিজের বিরুদ্ধে চলা একটি মামলার তথ্য পেতে আদালতের এক কর্মীকে ১০ হাজার ডলার ঘুষ দেওয়ার প্রস্তাবের ঘটনায়ও দোষী সাব্যস্ত হন সাকা। তবে একজন বিচারক ওই সাজাকে তাঁর বিদ্যমান ১০ বছরের সাজার অন্তর্ভুক্ত বলে নির্ধারণ করেন।
প্রথম মামলায় কৌঁসুলিরা বলেছিলেন, সাকা রাষ্ট্রীয় বাজেটের অর্থ নিজের ও অন্যদের জন্য আত্মসাৎ করেছেন। এর মধ্যে তাঁর সাবেক দলের জন্য নেওয়া অর্থের পরিমাণ ছিল ৭০ লাখ ডলারের বেশি।
সাকাকে রাষ্ট্রকে ২৬ কোটি ডলার ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।
দুর্নীতির অভিযোগের মুখোমুখি হওয়া এল সালভাদরের চারজন প্রেসিডেন্টের একজন সাকা। তাঁর উত্তরসূরি মরিসিও ফুনেস ২০১৬ সালের সেপ্টেম্বরে নিকারাগুয়ায় পালিয়ে যান এবং ২০২৫ সালে সেখানেই মারা যান।




