মিরপুর টেস্টে লিড নিয়েও বিপর্যয়ে বাংলাদেশ: দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে ৪ উইকেট, তারপর বৃষ্টিতে আগেভাগেই চা-বিরতি

মিরপুরে প্রথম টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকেরা নিজেরাই বিপর্যয়ে পড়েছে।
প্রথম ইনিংসে ৭৪ দশমিক ৫ ওভারে ৬ উইকেটে ২১৩ রান নিয়ে আজ তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩২ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারিয়ে ২৪৫ রানে গুটিয়ে যায় তারা। বাংলাদেশ পায় ২৭ রানের লিড।
লাঞ্চ বিরতির আগে নাঈম হাসান যেখানে শেষ করেছিলেন, বিরতির পরও সেটাই টেনে নিয়ে যান তিনি। সঙ্গে ছিল মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিও। দুই স্পিনারের ঘূর্ণিতে দ্রুত অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে বল জাস্টিন গ্রিভসের পায়ে লাগতেই নাঈম হাসানের জোরালো আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার। ক্যারিবীয় সেট ব্যাটার ফিরতেই তৃতীয় দিনের লাঞ্চ ঘোষণা করা হয়। তখনো সফরকারীরা বাংলাদেশের চেয়ে ৫৯ রানে পিছিয়ে ছিল।
দ্বিতীয় দিনের শেষ সেশনেও তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের কল্যাণে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। এ সময় ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে স্বাগতিকেরা।
কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ফিরে যান তানজিদ হাসান তামিম।
এরপর তাওহীদ হৃদয় মুখোমুখি হওয়া মাত্র দ্বিতীয় বলে তুলে মারতে গিয়ে নিজের উইকেট ছুড়ে আসেন। যেখানে মাত্র দুই বল আগেই বাংলাদেশ উইকেট হারিয়েছে, সেখানে হৃদয়ের ওই শটে স্বাগতিকদের বিপদ আরও বাড়ে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রং লাইনে খেলতে গিয়ে এলবিডব্লুর শিকার হন। এমনকি একটি রিভিউও নষ্ট করেন শান্ত।
একের পর এক উইকেট পতনের মধ্যেই মিরপুরের আকাশ কালো করে নেমে আসে বৃষ্টি। এ কারণে নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে দেওয়া হয় চা পানের বিরতি। মাঠ ঢাকা পড়ে কাভারে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ৩৪ রান করার পর দ্বিতীয় সেশনের খেলা শেষ হয়ে যায়। প্রথম ইনিংসের লিডসহ স্বাগতিকদের স্কোর এগিয়ে আছে ৬১ রানে।




