পুলিশি চাপের মুখে বেইজিংয়ে বাতিল হলো স্বাধীন কুইয়ার চলচ্চিত্র উৎসব

চীনের রাজধানী বেইজিংয়ে বার্ষিক স্বাধীন কুইয়ার চলচ্চিত্র উৎসব বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষের টানা হয়রানিমূলক অভিযানের মুখেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।
বেইজিং কুইয়ার চলচ্চিত্র উৎসবটি শুক্রবার বেইজিংয়ে শুরু হওয়ার কথা ছিল। এটি চীনের সবচেয়ে পুরোনো স্বাধীন চলচ্চিত্র উৎসবগুলোর একটি।
বৃহস্পতিবার গভীর রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে আয়োজকরা বলেন, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে লাভ কুইয়ার ফিল্ম উইক বাতিল করা হয়েছে। যারা অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন বা চলচ্চিত্র সপ্তাহটির জন্য অপেক্ষা করছিলেন, এই বাতিলের কারণে তাদের যে অসুবিধা ও হতাশা তৈরি হলো, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার ফোনকলের মাধ্যমে উৎসবটির ওপর পুলিশের চাপ বেড়েছিল।
২০০১ সালে পিকিং বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই উৎসবটি প্রতিষ্ঠা করেন। সময়ের সঙ্গে এটি চীনের মূল ভূখণ্ডে একমাত্র চলচ্চিত্র উৎসবে পরিণত হয়, যেখানে এলজিবিটিকিউ+ বিষয় নিয়ে চলচ্চিত্র ও আলোচনার জন্য একটি প্রকাশ্য মঞ্চ পাওয়া যেত।
বিশেষজ্ঞদের মতে, নারীবাদী বা এলজিবিটিকিউ+ বিষয়ে প্রকাশ্য আলোচনার প্রতি চীনা রাষ্ট্রের অসহিষ্ণুতা ক্রমেই বাড়ছে। চলচ্চিত্র উৎসবগুলো বিশেষ নজরদারির মুখে পড়ে, কারণ এসব উৎসব কমিউনিস্ট পার্টির বিশ্বদৃষ্টিভঙ্গির বাইরের গল্পগুলোকে মঞ্চ দেওয়ার সুযোগ তৈরি করে।
চীনের সবচেয়ে পরিচিত স্বাধীন চলচ্চিত্র উৎসব বেইজিং ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র উৎসব ২০১৪ সালে বন্ধ করে দেওয়া হয়। তখন কর্তৃপক্ষ প্রতিষ্ঠাতাদের আটক করে এবং অনুষ্ঠানস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
গত বছর নিউইয়র্কে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা একটি স্বাধীন চীনা চলচ্চিত্র উৎসবও চীনা কর্তৃপক্ষের হয়রানির পর বাতিল হয়। ওই ঘটনা আন্তঃদেশীয় দমন-পীড়ন নিয়ে উদ্বেগ তৈরি করেছিল।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মায়া ওয়াং বলেন, ‘শি জিনপিংয়ের অধীনে চীনা সরকার সামাজিক ও আদর্শিক নিয়ন্ত্রণ নিরলসভাবে কঠোর করে চলেছে। ফলে দল-রাষ্ট্রের অনুমোদনের বাইরের যেকোনো কর্মকাণ্ডই তীব্র নজরদারি এবং প্রায়ই সরকারি হয়রানির শিকার হচ্ছে।’ তিনি আরও বলেন, চীনের অবশিষ্ট নাগরিক সমাজ, এলজিবিটি সম্প্রদায় এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের ওপর কর্তৃপক্ষ আরও চাপ বাড়িয়েছে; একটি কুইয়ার চলচ্চিত্র উৎসবকে এই সবগুলো চাপ একসঙ্গে মোকাবিলা করতে হয়।
সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের চীনা অধ্যয়নের অধ্যাপক হংওয়েই বাও, যিনি এলজিবিটি বিষয়ে গবেষণা করেন, বলেন, উৎসবটি চীনে এলজিবিটি সম্প্রদায়ের সহনশীলতার একটি আলোকবর্তিকা ছিল। তাঁর ভাষায়, লাভ কুইয়ার সিনেমা উইক বন্ধ হয়ে যাওয়া চীনা কুইয়ার সম্প্রদায়ের ওপর একটি শীতল প্রভাব ফেলবে।
চাপ বাড়লেও উৎসবটি জনপ্রিয় ছিল। উৎসবের জন্য নির্বাচিত বেশ কয়েকজন আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা অংশ নিতে চীনে এসেছিলেন। গত বছর উৎসবটি ২০০টি স্বেচ্ছাসেবক আবেদন পেয়েছিল, যা ২০২৪ সালে পাওয়া আবেদনের চার গুণ।
এ বছরের জুনে প্রাইড মাসে বেইজিংয়ে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র ইনস্টিটিউট ফ্রাঁসেতে এলজিবিটিকিউ+ বিষয়ের চলচ্চিত্র প্রদর্শনীর সূচিও পুলিশি হয়রানির কারণে বাতিল হয়েছিল।
এ বিষয়ে মন্তব্যের জন্য বেইজিংয়ের জননিরাপত্তা ব্যুরোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।




