…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

এমবাপ্পে আসলে কী বলেছিলেন: চীনে ক্ষোভ ষোলো আনা, কিন্তু কারণটা জানার উপায় নেই

নিজস্ব প্রতিবেদক
এমবাপ্পে আসলে কী বলেছিলেন: চীনে ক্ষোভ ষোলো আনা, কিন্তু কারণটা জানার উপায় নেই
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে কী এমন বললেন, যাতে চীন এত ক্ষুব্ধ? প্রশ্নটা সহজ। কিন্তু চীনের ইন্টারনেটে এর উত্তর খুঁজতে গেলেই বিপত্তি। কেউ প্রশ্ন করছেন, কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে উত্তর খুঁজছেন, আবার কেউ উত্তর দিতে গিয়ে এমন সব সাংকেতিক ভাষার আশ্রয় নিচ্ছেন, যেন ফুটবল নিয়ে নয়, কথা বলছেন কোনো গোপন রাষ্ট্রীয় অভিযানের বিষয়ে।

ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে একাধিক চীনা ব্র্যান্ড। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ স্থগিত করেছে লা লিগার সম্প্রচার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে এমন কথা ও কাজের বিরুদ্ধে সমাজের সব মহল একজোট হবে। কিন্তু এত কিছুর পরও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে খুঁজে ফিরছেন একটি প্রশ্নের উত্তর—এমবাপ্পে আসলে কী বলেছিলেন?

ঘটনার সূত্রপাত একটি মিম থেকে। সোমবার ব্যালন ডি’অর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমবাপ্পে। সেদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি সাক্ষাৎকারের অংশ, যেখানে নিজের সবচেয়ে মজার মিম সম্পর্কে বলতে গিয়ে এমবাপ্পে জানান, তাঁর ভালো লেগেছিল এমন একটি ভিডিও, যেখানে তাঁর মুখ বসানো হয়েছিল একজন ‘চীনা স্বৈরশাসকের’ শরীরে। কথাটি বলার সময় পর্দায় ভেসে ওঠে চীনের সাবেক নেতা মাও সে-তুংয়ের অবয়ব।

চীনে মাও সে-তুংকে নিয়ে ব্যঙ্গ করা অত্যন্ত সংবেদনশীল বিষয়। ইতিহাসবিদদের মতে, তাঁর শাসনামলে নেওয়া বিভিন্ন নীতির কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। তবে চীনে তাঁকে নিয়ে প্রকাশ্যে বিদ্রূপ করা প্রায় নিষিদ্ধ বিষয়।

এমবাপ্পের ভিডিওটি অবশ্য কয়েক মাস আগের। কিন্তু এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই চীনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। একে একে সরে যায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, বন্ধ হয়ে যায় লা লিগার সম্প্রচার। এমবাপ্পে ও তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদকেও ক্ষমা চাইতে হয়।

কিন্তু চীনে থাকা অনেকেই এসব প্রতিক্রিয়ার কথা জানতে পারলেও ঠিক কোন কথায় এত কিছু ঘটে গেল, সেটি বুঝতে পারছেন না। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে অনেকে জানতে চাইছেন, এমবাপ্পে আসলে কী বলেছেন। চীনের ইন্টারনেট জগতে বাইরের বিশ্বের তথ্যের প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত; ফলে এমবাপ্পেকে নিয়ে তুমুল আলোচনা চললেও সেই আলোচনার সূত্রপাত কীভাবে, তা অনেকেরই অজানা।

আবার যাঁরা জানেন, তাঁরাও ঠিকঠাক উত্তর দিতে পারছেন না। তখনই শুরু হয়েছে সাংকেতিক ভাষার ব্যবহার। মাওয়ের নাম সরাসরি না বলে কেউ তাঁকে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘১০০ ইউয়ানের নোটে থাকা ব্যক্তি’ হিসেবে। কেউ বলছেন, ‘শিক্ষক’—মাও নিজেও একসময় এই উপাধি ব্যবহার করতেন।

ছবি বা ভিডিও ভাগাভাগির ক্ষেত্রেও একই কৌশল চলছে। মিমের কিছু অংশ ঝাপসা করে দেওয়া হচ্ছে; কোথাও ঢেকে দেওয়া হচ্ছে এমবাপ্পের মুখ, কোথাও বাদ পড়ছে ‘স্বৈরশাসক’ শব্দটি। মূল বিষয়টি বোঝানোর চেষ্টা আছে, কিন্তু সেটি যেন পুরোপুরি দেখানো বা বলার উপায় নেই।

কেউ কেউ আবার ঘটনার মূল কারণ জানতে দ্বারস্থ হয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার। কিন্তু সেখানেও খুব একটা লাভ হয়নি; চীনে ব্যবহৃত এআই চ্যাটবটগুলোও দেশটির ইন্টারনেটের মতোই নিয়ন্ত্রণের আওতায়। মজার বিষয় হলো, শুধু সাধারণ ব্যবহারকারীরাই নন—এমবাপ্পের মন্তব্য নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতেও কেউ মাওয়ের নাম উল্লেখ করেননি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কিংবা এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ ও লা লিগার ক্ষমা প্রার্থনা, কোনোটিতেই তাঁর নাম উল্লেখ করা হয়নি। এ যেন রাগটা ষোলো আনা, কিন্তু কারণটা বলার উপায় নেই।

খেলা বিভাগের আরও খবর

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হারল বাংলাদেশ, সেমিফাইনালের আশা প্রায় শেষ
খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হারল বাংলাদেশ, সেমিফাইনালের আশা প্রায় শেষ

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভারতের জলন্ধরে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছেন …

খেলা

ফ্লিটউডের কাছে হারের ম্যাচে লাল কার্ড দেখা ডাউম্যানকে আর্টেতার সতর্কবার্তা: ‘এটা ডিজনিল্যান্ড নয়’

লিগ কাপে ফ্লিটউডের কাছে আর্সেনালের অপ্রত্যাশিত হারের ম্যাচে লাল কার্ড দেখা কিশোর ম্যাক্স ডাউম্যানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন গানারদের ম্যানেজার মিকেল…

খেলা

ক্লাসিকোর ঘটনার জেরে আলাভেস ম্যাচে নিজেদের সমর্থকগোষ্ঠীকে নিষিদ্ধ করল বার্সেলোনা

রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত সপ্তাহের ক্লাসিকোয় ঘটা ঘটনার জেরে নিজেদের একটি সমর্থকগোষ্ঠীকে নিষিদ্ধ করেছে বার্সেলোনা। আলাভেসের বিপক্ষে রোববারের লা লিগা…

খেলা

ভারতের বিপক্ষে সোধিকে ছাড়িয়ে উইকেটের রেকর্ড স্যান্টনারের, ছুঁলেন ১৫০ উইকেটের মাইলফলকও

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। সতীর্থ ইশ সোধিকে ছাড়িয়ে এই স…