নিজের এআই সার্চেই কমল গুগলের বিজ্ঞাপন আয়, এক দিনে বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলারের বেশি

নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণেই সার্চ ইঞ্জিনের বিজ্ঞাপন থেকে আয় কমেছে গুগলের। সার্চে কোনো কিছু খুঁজলে এআই যে সারসংক্ষেপ তুলে ধরে, তার কারণেই এই আয় কমেছে। বিজ্ঞাপন আয় কমার খবর প্রকাশের পর গত বৃহস্পতিবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমে গেছে।
অ্যালফাবেটের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার বলেছেন, ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিনে কোনো প্রশ্ন করলে গুগলের ‘এআই মোড’ কথোপকথনের মতো সরাসরি উত্তর দিয়ে দেয়। ফলে প্রচলিত সার্চ ফলাফলের পাশে দেখানো বিজ্ঞাপন থেকে আয় কমে গেছে। তবে নতুন এই সার্চ ব্যবস্থা নিয়ে শিন্ডলার আশাবাদী বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বজুড়ে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার ক্ষেত্রে গুগলের ভূমিকা এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। লাখ লাখ মানুষ এখন গুগলের সার্চ ইঞ্জিনের বদলে চ্যাটজিপিটি ও ক্লদের মতো এআই ব্যবহার করছেন, যেগুলোর মাধ্যমে বিভিন্ন প্রশ্নের বিস্তারিত জবাব পাওয়া যায়।
গুগলের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান কিম স্কট বলেছেন, গুগল বরং নিজস্ব এআই প্রযুক্তির মাধ্যমে নিজেদের সার্চ ব্যবসার ক্ষতি করতেও রাজি, তবু অন্য কোনো প্রতিষ্ঠানকে তার ব্যবসার জায়গা দখল করতে দিতে চায় না। তিনি বলেন, গুগল প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি ছিল প্রযুক্তি খাতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করা; এতে স্বল্পমেয়াদে ক্ষতি হলেও তাদের আপত্তি নেই।
বুধবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করে অ্যালফাবেট। প্রতিবেদনে বলা হয়, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির মোট আয় ২৫ শতাংশ বেড়ে ১২ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে বিশ্লেষকদের প্রত্যাশা অনুযায়ী আয় করতে পারেনি প্রতিষ্ঠানটি; বিশেষ করে বিজ্ঞাপন আয় প্রত্যাশার চেয়ে কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আর্থিক প্রতিবেদন প্রকাশের পর অ্যালফাবেটের শেয়ারের দাম ১২ শতাংশের বেশি কমে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বৃহস্পতিবার দিন শেষে শেয়ারবাজারে অ্যালফাবেটের মোট বাজারমূল্য কমে ৩ লাখ ৪৬ হাজার কোটি ডলারে দাঁড়ায়।
গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক ট্রেসি উ বলেছেন, অ্যালফাবেটের সার্চ ব্যবসার হতাশাজনক ফলাফল দেখিয়ে দিয়েছে, এআই খাতে বিপুল বিনিয়োগের অর্থ জোগানোর পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসাগুলোর শক্ত অবস্থান ধরে রাখা কতটা কঠিন।




