ক্যালিফোর্নিয়ায় হ্যালোইনের দোকানে গুলিতে নিহত ১, আহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ড শহরে একটি হ্যালোইনের দোকানে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সোলানো টাউন সেন্টার শপিংমলের ভেতরে অবস্থিত স্পিরিট হ্যালোইন নামের দোকানটিতে।
ফেয়ারফিল্ড পুলিশ বিভাগের বিবৃতি অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে মোট সাতজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাকি ছয়জন আহতকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর। নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ফেয়ারফিল্ডের পুলিশ প্রধান ড্যান মার্শাল মাঝরাতের ঠিক আগে এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, শপিংমলে নজরদারি ক্যামেরা রয়েছে, সেই ফুটেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল এখনো সক্রিয় অপরাধস্থল হিসেবে তদন্তের আওতায় রয়েছে। গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন এবং হামলাকারীকে শনাক্ত করার কাজ চলছে।
হ্যালোইন উৎসবের মৌসুমে দোকানটিতে ক্রেতাদের ভিড় থাকার সময় এই হামলার ঘটনা ঘটল। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো কিছু জানায়নি।


