বুটেক্সে ‘টেক্সভার্স ২.০’: ২৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আট বিভাগে প্রতিযোগিতা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২.০’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বুটেক্স ক্যাম্পাসে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে বুটেক্স সায়েন্স ক্লাব।
সকাল ৮টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম, সেমিনার কক্ষ, একাডেমিক ভবন ও কেন্দ্রীয় মাঠজুড়ে।
প্রতিযোগিতায় বুটেক্সের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের ২৫টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত জ্ঞান বিকাশের লক্ষ্যে আটটি ভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো ছিল গণিত অলিম্পিয়াড, ট্রেজার হান্ট, কুইজার্ড, পোস্টার উপস্থাপনা, কেস প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভিডিও নির্মাণ, প্রবন্ধ রচনা এবং প্রজেক্ট প্রদর্শনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. সাঈদুর রহমান সাঈদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবিব, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কানিজ ফারহানা এবং ভারপ্রাপ্ত ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মাহবুবুর রহমান। রেডক্স কেমিক্যালস লিমিটেডের ম্যানেজার শরিফুল ইসলাম নয়ন ও বুটেক্স সায়েন্স ক্লাবের মডারেটর অধ্যাপক ইঞ্জিনিয়ার এস কে মোহাম্মদ রাফিও উপস্থিত ছিলেন।
কলেজ বিভাগের গণিত অলিম্পিয়াডে প্রথম হন সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের রাকিন শাহরিয়ার বিন কবির, দ্বিতীয় হন নটর ডেম কলেজের জুনায়েদ লাবীব আল ওয়াসি এবং তৃতীয় হন হলি ক্রস কলেজের শাকিবা আক্তার।
বিশ্ববিদ্যালয় বিভাগে ট্রেজার হান্টে প্রথম হয় বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম ইনকগনিটা’, দ্বিতীয় ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম টুইলাইটস’ এবং তৃতীয় ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম হ্যালোজেন’। কুইজার্ডে প্রথম হয় অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম অ্যাটাক অন কুইজার্ড’, দ্বিতীয় ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম ডাবল ট্রাবল’ এবং তৃতীয় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম দ্য রেড আর্মি’।
পোস্টার উপস্থাপনায় প্রথম হয় বুটেক্সের ‘টিম থ্রাইভ’, দ্বিতীয় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ‘টিম গ্যাস্ট্রিক’ এবং তৃতীয় উত্তরা বিশ্ববিদ্যালয়ের ‘টিম নেক্সাস ইনভেন্টরস’। কেস প্রতিযোগিতায় প্রথম হয় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ‘টিম ক্যাটালিস্ট’, দ্বিতীয় বুটেক্সের ‘টিম দ্য অরফিয়াস’ এবং তৃতীয় আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ‘টিম আন-থ্রেড-ইশনাল’।
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভিডিও নির্মাণে প্রথম হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘টিম দ্য ব্রেইনসেল’, দ্বিতীয় বুটেক্সের ‘টিম জোনেক্স’ এবং তৃতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিম সোডা-পপ দল’। প্রবন্ধ রচনায় প্রথম হন বুটেক্সের আনজুম আবদুল্লাহ তাহহা, দ্বিতীয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোয়াইদা বিনতে আলী এবং তৃতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) মো. আরিফুল হক নাঈম।
প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম হয় বুটেক্সের ‘টিম হ্যাব’, দ্বিতীয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘টিম ইকো পাল্প বিডি’ এবং যৌথভাবে তৃতীয় হয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘টিম গ্রিন জেনেসিস’ ও বুটেক্সের ‘টিম কোয়ান্টুম্যানিয়া’।
অনুষ্ঠানে বুটেক্স সায়েন্স ক্লাবের দ্বিতীয় বার্ষিক ম্যাগাজিন ‘কিংকল ২.০’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য। ক্লাবের সভাপতি রুবায়েত রশীদ রনি ও সাধারণ সম্পাদক কে এম শফিক রাইয়্যান আয়োজন ও ম্যাগাজিন নিয়ে বক্তব্য দেন।
বিশেষ অতিথি প্রকৌশলী মো. সাঈদুর রহমান সাঈদ বলেন, টেক্সটাইল শিল্পে এআই ও আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ করা গেলে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি শিল্পের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো সম্ভব। গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন শিক্ষার্থীদের মৌলিক গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, টেক্সটাইল সায়েন্সের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিকস, পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা ও সাসটেইনেবিলিটিসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। গবেষণার লক্ষ্য হওয়া উচিত মৌলিক জ্ঞান সৃষ্টি ও নতুন কিছু উদ্ভাবন, একই ধরনের গবেষণার পুনরাবৃত্তি নয় বলেও তিনি বলেন। সমাপনী পর্বে বিজয়ী ও রানারআপদের হাতে প্রাইজমানি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।




