বিন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্স থেকে ‘ইতিহাসের সবচেয়ে বড়’ ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা চুরি করা এই বিশাল সম্পদ মূলত ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে পাচার করার চেষ্টা করছে।
মার্কিন গোয়েন্দা সংস্থাটি এই সাইবার হামলার জন্য সুনির্দিষ্টভাবে ‘ট্রেডারট্রেটর’ নামক একটি হ্যাকার গোষ্ঠীকে দায়ী করেছে।
এফবিআইয়ের ভাষ্য, এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ‘বাইবিট’ প্ল্যাটফর্ম থেকে ১৫০ কোটি ডলার ডিজিটাল সম্পদ চুরির ঘটনার পেছনেও এই একই গ্রুপ জড়িত ছিল।
এফবিআইয়ের আশঙ্কা, চুরি করা এই সম্পদ ধাপে ধাপে আরও গভীরভাবে পাচার করা হতে পারে। এ বিষয়ে ডিজিটাল সম্পদ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার এবং সন্দেহজনক ডিজিটাল লেনদেনগুলো ব্লক করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এদিকে বড় ধরনের এই সাইবার হামলার পর ব্যবহারকারীদের আশ্বস্ত করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে বিন্যান্স। শনিবার পৃথক এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা নিজস্ব তহবিল ব্যবহার করে নতুন টোকেন ক্রয়ের মাধ্যমে ইতিমধ্যে চুরি যাওয়া অর্থের ৯০ শতাংশ পুনরুদ্ধার করেছে।
বাকি ১০ শতাংশ কম তারল্যসম্পন্ন টোকেন হওয়ায় সেগুলো কিনতে কিছুটা সময় লাগবে। তবে বিন্যান্স স্পষ্ট জানিয়েছে, ‘আমাদের ব্যবহারকারীরা নয়, বরং বিন্যান্সই এই চুরির সম্পূর্ণ আর্থিক ক্ষতি বহন করবে। শতভাগ ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা টোকেন কেনা চালিয়ে যাব।’
টোকেন পুনরুদ্ধারের জন্য বিন্যান্স নিরাপত্তা লঙ্ঘনের ক্ষেত্রে গ্রাহকদের সুরক্ষায় সংরক্ষিত ১০০ কোটি ডলারের বিটকয়েন রিজার্ভ ফান্ড, ফিউচার্স ইন্স্যুরেন্স ফান্ড এবং করপোরেট ট্রেজারি থেকে অর্থ ব্যয় করেছে।
বিন্যান্সের কো-সিইও রিচার্ড টেং জানান, হ্যাকিংয়ের এই ঘটনাটি ছিল খুবই জটিল একটি হামলা। হ্যাক হওয়া একটি ল্যাপটপ ও ম্যালওয়্যার ব্যবহার করে হ্যাকাররা তাদের কার্যক্রমের সব আলামত মুছে ফেলে, যা তদন্তকে বেশ জটিল করে তুলেছে।
হামলার পর তাৎক্ষণিকভাবে গ্রাহকদের ফান্ড উত্তোলন স্থগিত করা হলেও শনিবার বিন্যান্স ঘোষণা দেয়, তারা রবিবারের মধ্যেই পুনরায় ফান্ড উত্তোলনের সুবিধা চালুর পথে রয়েছে।
এ ছাড়া ব্যবহারকারীরা যাতে নিজেদের সম্পদ ১:১ অনুপাতে সুরক্ষিত আছে কি না স্বাধীনভাবে যাচাই করতে পারেন, সে জন্য নতুন একটি ‘প্রুফ-অব-রিজার্ভ’ স্ন্যাপশট প্রকাশের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।




