…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

হলুদের জমিতে গড়ে উঠেছে লেবুর রাজ্য: ফুলবাড়িয়ায় এ মৌসুমে ১০০ কোটি টাকার লেবু বিক্রির আশা

নিজস্ব প্রতিবেদক

ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গ্রামগুলোতে এখন যেদিকে চোখ যায়, সেদিকেই শুধু লেবুর বাগান। প্রায় দেড় যুগ আগেও যেখানে প্রচুর হলুদ ও শাকসবজির আবাদ হতো, লেবুর কদর বাড়ায় কৃষকেরা সেই চাষ ছেড়ে ঝুঁকেছেন লেবুতে। চলতি মৌসুমে উপজেলাটি থেকে প্রায় ১০০ কোটি টাকার লেবু বিক্রি হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।

উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে সীমান্তবর্তী এনায়েতপুর ইউনিয়ন ছয়টি গ্রাম নিয়ে গঠিত। এখানকার প্রায় ঘরে ঘরেই লেবুর চাষ হয়; অধিকাংশ কৃষক প্রতিদিন বাগান থেকে লেবু তুলে বিক্রি করেন। সারা বছরই লেবু পাওয়ায় স্থানীয়দের কাছে এলাকাটি ‘লেবুর সাম্রাজ্য’ হিসেবে পরিচিতি পেয়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর ফুলবাড়িয়া উপজেলায় ৭৫৪ দশমিক ৮ হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে, যার মধ্যে এনায়েতপুর ইউনিয়নেই বাগান রয়েছে ৫৫০ হেক্টর। জাত অনুযায়ী কলম্বো লেবুর আবাদ হয়েছে ৪৫৩ হেক্টর, সিডলেস ২৮৩ হেক্টর, কাগজী ১৫ হেক্টর ও জারা লেবু ৩ দশমিক ৮ হেক্টর জমিতে।

এনায়েতপুরের সোয়াইতপুর গ্রামের কৃষক মাসুদ তালুকদার তিন বছর আগে ৬ একর জমিতে সিডলেস ও কলম্বো জাতের লেবুর বাগান করেছেন। গত মৌসুমে তিনি ২০ লাখ টাকার লেবু বিক্রি করেন। চলতি মৌসুমে বাজারদর ভালো থাকলে প্রায় ৩০ লাখ টাকার লেবু বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন।

এনায়েতপুর বাজারে বসে দেশের বড় লেবুর হাট; প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে কৃষকদের লেবু বেচাকেনা চলে। রোববার হাটে দেখা গেছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, পাবনা ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা লেবু কিনতে এসেছেন।

কৃষক ও পাইকারদের ভাষ্য, এনায়েতপুরের হাটে প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ লাখ টাকার লেবু বিক্রি হচ্ছে। কলম্বো জাতের প্রতি বস্তা (৪৫০ থেকে ৫০০টি) লেবু বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়, সিডলেস প্রতি বস্তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় এবং কাগজী লেবু প্রতি বস্তা ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকায়।

রোববার এনায়েতপুর গ্রামের কৃষক সাখাওয়াত রাব্বী ভ্যান গাড়িতে করে হাটে ১০ বস্তা সিডলেস লেবু এনে প্রতি বস্তা ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করেন। একই গ্রামের কৃষক শহিদ মিয়া ৪ বস্তা কলম্বো জাতের লেবু বিক্রি করেছেন ১০ হাজার টাকায়।

এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বুলবুল হোসেন বলেন, লেবু এখন এ ইউনিয়নের কৃষকের প্রধান অর্থকরী ফসল এবং প্রায় প্রতিটি কৃষকেরই লেবুর বাগান রয়েছে। তার ভাষ্য, প্রতিদিন ৭০০ থেকে ৮০০ বস্তা লেবু হাটে বিক্রির জন্য আনেন কৃষকেরা; কাঁচামাল হওয়ায় বাজারদর ওঠানামা করলেও গড়ে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার লেবু বিক্রি হয়। রমজান মাসে প্রতিদিন প্রায় কোটি টাকার লেবু বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষি অফিসের হিসাব অনুযায়ী, কলম্বো লেবু প্রতি হেক্টরে ৫৬০ বস্তা করে ৪৫৩ হেক্টর জমিতে উৎপাদন হবে ২ লাখ ৫৩ হাজার ৬৮০ বস্তা, যা গড়ে প্রতি বস্তা ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হলে কৃষকেরা পাবেন ৬৩ কোটি ৪২ লাখ টাকা। সিডলেস লেবু প্রতি হেক্টরে ৫০০ বস্তা করে ২৮৩ হেক্টরে হবে ১ লাখ ৪১ হাজার ৫০০ বস্তা, যা থেকে আসতে পারে ৩১ কোটি ১৩ লাখ টাকা। কাগজী লেবু থেকে আসবে আরও ৩ লাখ ৭৫ হাজার টাকা। সব মিলিয়ে চলতি মৌসুমে ফুলবাড়িয়া থেকে প্রায় ৯৫ কোটি টাকার লেবু বিক্রির হিসাব দিয়েছে কৃষি অফিস।

ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, ‘এ উপজেলায় লেবুর বাগান রয়েছে ৭৫৪ দশমিক ৮ হেক্টর জমিতে। লেবুর ফলন ভালো হয়েছে। বাজারদর ভালো থাকলে চলতি মৌসুমে কৃষক প্রায় ১০০ কোটি টাকার লেবু বিক্রি করবেন বলে ধারণা করছি।’ উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে এনায়েতপুর গ্রামের লেবু ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছিল।

কৃষি বিভাগের আরও খবর

রাজশাহীতে সংলাপ: বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার
কৃষি

রাজশাহীতে সংলাপ: বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

বরেন্দ্র অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা, পানিসংকট মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আট দফা অঙ্গীকার গ্রহণ করেছেন নীতিনির্ধ…

কৃষি

ফিড, ওষুধ আর বিদ্যুতের বাড়তি খরচে বন্ধের শঙ্কায় কুড়িগ্রামের ২৭৫টি পোল্ট্রি খামার

ফিড, ওষুধ ও বিদ্যুতের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রাম জেলার পোল্ট্রি খামারিরা। উৎপাদন খরচ বেড়ে গেলেও বাজারে ডিমের দাম না বাড়ায় …

গাজীপুরে গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধনে কৃষিমন্ত্রী: কৃষিপণ্য রপ্তানিতে জোর দিচ্ছে সরকার
কৃষি

গাজীপুরে গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধনে কৃষিমন্ত্রী: কৃষিপণ্য রপ্তানিতে জোর দিচ্ছে সরকার

দেশের কৃষি খাতকে শক্তিশালী করে কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদ…