আদালতে আপত্তিকর ভাষার জন্য অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ম্যাজিস্ট্রেট ভিকি প্রাপাসকে তিরস্কার বিচারিক কমিশনের

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ম্যাজিস্ট্রেট ভিকি প্রাপাস আদালতে এক ব্যক্তিকে বলেছিলেন, ‘আমিও তোমাকে একটু চড়থাপ্পড় দিতে চাই।’ এই মন্তব্যসহ তাঁর আরও কয়েকটি মন্তব্যকে আপত্তিকর ও অনুপযুক্ত বলে রায় দিয়েছে রাজ্যের বিচারিক তদারকি সংস্থা।
ভিক্টোরিয়ার জুডিশিয়াল কমিশন গত সপ্তাহে প্রকাশিত তাদের সিদ্ধান্তে জানিয়েছে, প্রাপাসের অন্য মন্তব্যগুলোর মধ্যে ছিল আদালতে কাউকে জিজ্ঞেস করা, ‘তোমার কি মনে হয়, ওই পদার্থটা তোমার চিন্তাভাবনাকে এলোমেলো করে দিচ্ছে?’ এবং আরেকজন সম্পর্কে বলা যে তিনি ‘নিজের বাজে কথাই বিশ্বাস করেন’।
কমিশন জানিয়েছে, শেষোক্ত মন্তব্যটি করা হয়েছিল একটি স্কুলের শিক্ষার্থীদের একটি দলের উপস্থিতিতে।
মেলবোর্নের একটি ড্রাগ কোর্টে প্রাপাসের দায়িত্ব পালন নিয়ে ভিক্টোরিয়া লিগ্যাল এইডের অভিযোগ পাওয়ার পর তদারকি সংস্থাটি তদন্ত শুরু করে।
তদন্তে একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে চাওয়া বা অভিযোগে সমর্থন দেওয়া আইনজীবীদের উদ্দেশে তিনি হুমকি বা ভীতি প্রদর্শনমূলক মন্তব্য করেছিলেন। কমিশনের মতে, এসব মন্তব্য ছিল ‘নির্যাতনের একটি ধারাবাহিক ধরন’।
প্রাপাসকে প্রান্তিক জনগোষ্ঠীর এক ব্যক্তি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা এবং বিচার বিভাগের আরেক সদস্য সম্পর্কে অশোভন মন্তব্য করার জন্যও দোষী পাওয়া গেছে।
লিখিত সিদ্ধান্তে প্রাপাস স্বীকার করেছেন, কোনো কোনো ক্ষেত্রে তাঁর আচরণ ছিল ‘অসংযত ও উত্তেজিত’ এবং পেছনে ফিরে তাকালে তিনি নিজেকে ভিন্নভাবে প্রকাশ করতেন।
তবে তিনি ড্রাগ কোর্টের বিশেষ এখতিয়ারের কথা উল্লেখ করে বলেছেন, একটি চিকিৎসামুখী কাঠামোর মধ্যে অংশগ্রহণকারীদের সুস্থতা, জবাবদিহি ও জননিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাঁর উদ্দেশ্য। তিনি আরও বলেছেন, উত্থাপিত বিষয়গুলো তিনি মনোযোগ দিয়ে ভেবেছেন এবং তাঁর যোগাযোগ যাতে কার্যকর, সম্মানজনক ও ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে থাকে, সে জন্য পদক্ষেপ নিয়েছেন।
তদারকি সংস্থাটি কিছু অভিযোগ প্রমাণ করতে পারেনি; এর মধ্যে ছিল ম্যাজিস্ট্রেট সাংস্কৃতিকভাবে অসংবেদনশীল আচরণ করেছেন—এমন অভিযোগ।
সিদ্ধান্ত দেওয়ার সময় কমিশন স্বীকার করেছে, ড্রাগ কোর্টের কার্যক্রমে ‘খোলামেলা ও স্পষ্ট’ আলোচনার প্রয়োজন হতে পারে। তবে কমিশন বলেছে, ‘এসব বৈশিষ্ট্য কোনো বিচারিক কর্মকর্তার সব আদালত-ব্যবহারকারীর প্রতি ভদ্রতা ও সম্মান দেখানোর দায়িত্বকে সরিয়ে দেয় না।’
অভিযোগের মূল অংশটি প্রধান ম্যাজিস্ট্রেট লিসা হ্যানানের কাছে পাঠানো হয়েছে এবং প্রাপাসকে পরামর্শ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তদারকি সংস্থাটি আরও সুপারিশ করেছে, প্রাপাস যেন কমিশনের আচরণবিধি নির্দেশিকার সঙ্গে পরিচিত হন এবং এক বছরের মধ্যে একটি শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেন।



