জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং সেবা সম্প্রসারণে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং ক্যাম্পাসে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি এই স্মারক সই হয় বলে ব্যাংকটি জানিয়েছে।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং পণ্য, কার্ড-সুবিধা ও চাহিদাভিত্তিক আর্থিক সেবা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক আর্থিক প্রয়োজন মেটাতেও সহায়তা করবে ব্যাংকটি।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। প্রতিনিধিদলে আরও ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির প্রতিনিধি এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফি কালেকশন, স্টুডেন্ট ফাইল ও আকর্ষণীয় রেটে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে বিনা মূল্যে ডেবিট কার্ডের সুবিধা তুলে ধরেন। শিক্ষক ও কর্মীদের জন্য পে-রোল ব্যাংকিং, বিভিন্ন ধরনের ঋণ, ক্রেডিট কার্ড ও বিনিয়োগসহ অন্যান্য আর্থিক সেবার কথাও জানানো হয়।
ব্যাংকটির ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইম একাডেমিয়া’র আওতায় এই অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিভিন্ন উদ্ভাবনী ব্যাংকিং কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে পারস্পরিক সম্পৃক্ততা আরও জোরদার করছে প্রাইম ব্যাংক।


