…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

৯০০ কোটি টাকার কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র আমলাতান্ত্রিক জটিলতায় ফাইলবন্দি হওয়ার শঙ্কায়

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের ‘কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র’ প্রকল্পটি আলোর মুখ দেখার আগেই ফাইলবন্দি হতে চলেছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে কেন্দ্র বা সচিবালয়ের তথ্যের চরম সমন্বয়হীনতার কারণে প্রকল্পটির ভবিষ্যৎ ঘিরে তীব্র ধোঁয়াশা দেখা দিয়েছে।

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ও গণপূর্ত বিভাগের সম্ভাব্যতা যাচাই অনুযায়ী, প্রকল্পটি থেকে বছরে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি) আয়ের সম্ভাবনা রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়েছে ২০২৬ থেকে ২০৭৫ সাল পর্যন্ত ৫০ বছরের এই মহাপরিকল্পনায়।

জিএসবির দীর্ঘদিনের গবেষণায় দেখা গেছে, হিমালয় অববাহিকা থেকে কুড়িগ্রামের ওপর দিয়ে ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে প্রতিবছর প্রায় এক বিলিয়ন টন নবায়নযোগ্য বালু ধেয়ে আসে। এই বালুতে গারনেট ও কোয়ার্টজ, ম্যাগনেটাইট, জিরকন, ইলমেনাইট ও রুটাইলের মতো মূল্যবান খনিজের অস্তিত্ব পেয়েছে জিএসবি।

ইলমেনাইট ও রুটাইল বিশ্বজুড়ে টাইটানিয়াম উৎপাদনের প্রধান উৎস, যা রং, ওষুধ, প্লাস্টিক ও ওয়েল্ডিং রডে ব্যবহৃত হয়। জিরকন ব্যবহৃত হয় সিরামিক শিল্প, পারমাণবিক প্রযুক্তি, মহাকাশযান ও উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্সে; ম্যাগনেটাইট ইস্পাত কারখানা ও খনি যন্ত্রপাতিতে অপরিহার্য; আর গারনেট ও কোয়ার্টজ অলংকার শিল্প, ওয়াটার জেট কাটিং, কম্পিউটার মাইক্রোচিপ ও চিকিৎসা যন্ত্রাংশের কাঁচামাল।

চলতি বছরের ১১ জুন জিএসবির ‘মোখলেসুর রহমান মিলনায়তনে’ প্রকল্পটি নিয়ে একটি নীতি-নির্ধারণী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ২০২৬ থেকে ২০৭৫ সাল পর্যন্ত ৫০ বছরের মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়, যার লক্ষ্য যমুনা-ব্রহ্মপুত্র অববাহিকাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম খনিজ-প্রযুক্তি ও শিল্পভিত্তিক অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা।

পরিকল্পনা অনুযায়ী, কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১৫ একর জমির ওপর একটি পাইলট রিসার্চ প্ল্যান্ট এবং রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় ১০ একর জমিতে মূল গবেষণা কেন্দ্র (মিনারেল স্যান্ডস রিসার্চ হাব) স্থাপনের রূপরেখা চূড়ান্ত করা হয়। এতে বিরল মৃত্তিকা উপাদান গবেষণা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, স্কাডা, স্মার্ট মাইনিং এবং একটি ‘জিওলজিক্যাল বিগ ডাটা সেন্টার’ গড়ে তোলার উদ্যোগ যুক্ত ছিল। গণপূর্ত অধিদপ্তর ইতিমধ্যে জমি জরিপ ও সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন শেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

তবে গত ১৯ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অভ্যন্তরীণ সমন্বয় সভায় বিপত্তি ঘটে। সভার কার্যবিবরণীর ১০ নম্বর আলোচ্য সূচিতে উল্লেখ করা হয়—কুড়িগ্রাম জেলা প্রশাসক প্রতিবেদনে অভিমত দিয়েছেন, প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য ব্যয়ের তুলনায় সরকারের প্রাপ্তি উল্লেখযোগ্য হবে না।

কিন্তু মাঠপর্যায়ে অনুসন্ধানে দেখা গেছে ভিন্ন চিত্র। কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে এমন কোনো নেতিবাচক প্রতিবেদন আদৌ পাঠানো হয়নি। গত বছরের ৫ মার্চ কুড়িগ্রাম সদর, চিলমারী ও রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তারা জমি অধিগ্রহণের ইতিবাচক তথ্য-উপাত্ত ও নকশা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন। মন্ত্রণালয়ের নথিতে জেলা প্রশাসনের নামে এই বক্তব্য কীভাবে এল, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভ তৈরি হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ মন্ত্রণালয়ের দাবিটি নাকচ করে বলেন, “আমার যোগদানের আগে সাবেক জেলা প্রশাসকগণের সময় বালু গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য জমির সমস্ত উপাত্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু গত ১৯ জুলাইয়ের সভায় জেলা প্রশাসনের যে কথিত নেতিবাচক অভিমতের কথা উল্লেখ করা হয়েছে, আমাদের দপ্তর থেকে এই ধরনের কোনো প্রতিবেদন কখনোই পাঠানো হয়নি। এ মেগা প্রকল্প বাস্তবায়িত হলে জেলাবাসীর আর্থসামাজিক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।”

কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক বলেন, “ব্রহ্মপুত্র অববাহিকার বালুতে যে মূল্যবান ও বিরল খনিজ রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা ইতিমধ্যে জমির সম্ভাব্যতা ও কার্যকারিতা যাচাই শেষ করে প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে অনেক আগেই পাঠিয়েছি।”

জিএসবির উপপরিচালক (ভূতত্ত্ব) ড. সোহেল রানা বলেন, “হিমালয় থেকে আসা ব্রহ্মপুত্রের এই বালু সম্পূর্ণ পুনর্বহনযোগ্য ও নবায়নযোগ্য। আমরা যদি এই বালু থেকে হেভি ও লাইট মিনারেল (যেমন রুটাইল, জিরকন, কোয়ার্টজ) আলাদা করতে পারি, তবে আমদানিনির্ভরতা কমিয়ে দেশে টাইটানিয়াম ও জিরকোনিয়ামভিত্তিক বিশাল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প গড়ে উঠবে।”

জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বেবু ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেগা প্রকল্পটি শুরুই হলো না, অথচ মন্ত্রণালয় কীভাবে বলতে পারে লাভ হবে না ক্ষতি হবে? এটি বাস্তবায়ন হলে মঙ্গাপীড়িত কুড়িগ্রামের দারিদ্র্যের কলঙ্ক মুছে পুরো দেশের অর্থনীতি বদলে যাবে। আমরা দ্রুত এর বাস্তবায়ন চাই।”

কুড়িগ্রাম হিতৈষী সংঘের সভাপতি এ কে এম সামিউল হক নান্টু বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানও দ্রুত জটিলতা কাটিয়ে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসন ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই পাল্টাপাল্টি অবস্থানের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের বিষয়টি আমার জানা নেই। তবে বালু গবেষণা কেন্দ্র স্থাপন নিয়ে যদি কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা তথ্যের বিভ্রান্তি তৈরি হয়ে থাকে, তবে আমি নিজে উদ্যোগী হয়ে তা দ্রুত নিরসনের ব্যবস্থা নেব।”

ভারতের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদীর মধ্যে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র আন্তর্জাতিক নদী। বন্যা, খরা, শীত আর নদীভাঙন এ জেলার প্রাকৃতিক দুর্যোগ, এবং দেশের সবচেয়ে বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে কুড়িগ্রামে। স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রকল্পটি যাতে ফাইলবন্দি হয়ে না পড়ে, সেজন্য সরকারের নীতিনির্ধারক ও শীর্ষ মহলের সরাসরি জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চট্টগ্রামে বাংলাদেশ কোস্টগার্ড ও মার্কিন সেনাবাহিনীর যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড। ‘গার্ডিয়ান শার্ক’ নামের এই…

ঢাকার বারিধারায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনি প্রতিবেদনের কর্মশালা, অংশ নিলেন ২০ সাংবাদিক
জাতীয়

ঢাকার বারিধারায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনি প্রতিবেদনের কর্মশালা, অংশ নিলেন ২০ সাংবাদিক

রাজধানীর বারিধারায় সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ ইলেকশন রিপোর্টিং’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হোটেল ‘অমনি রেসিডেন্সি’…

জাতীয়

২৯ দিনে দুই দফা এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা; মূল্যবৃদ্ধির যৌক্তিকতা প্রকাশের দাবি এবি পার্টির

মাত্র ২৯ দিনের ব্যবধানে দুই দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি…

জাতীয়

ঢাকার কদমতলীতে বাসে আগুন, যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ; অগ্নিসন্ত্রাসের দায় নিয়ে রাজনৈতিক বিতর্ক

রাজধানী ঢাকার কদমতলীতে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার প্রত…