আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, কাঁদানে গ্যাস নিক্ষেপ; আটক ১২

সাভারের আশুলিয়ায় মঙ্গলবারও (৩ নভেম্বর) বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এই ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রাখেন। এই পরিস্থিতিতে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কারখানার সামনের সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও প্লাস্টিকজাতীয় বস্তুতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। সে সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। পরে বিক্ষোভকারীরা ওই এলাকার বিভিন্ন গলিতে অবস্থান নেন।
এছাড়া আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক ও নিশ্চিন্তপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের সরিয়ে দেয়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ইতোমধ্যে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করেছে। প্রায় ১০টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।’
এদিকে চলমান শ্রমিক বিক্ষোভের সময় ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এছাড়া সাভার মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা (ওসি) এসব তথ্য জানিয়েছেন।
ওসিরা জানান, এই ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। তবে আটকদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।



