টঙ্গীর মাদ্রাসায় হামলার মামলায় অভিভাবক শাহজালাল রুমীকে জামিন, চার সপ্তাহে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনের শর্ত হিসেবে তাঁকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন।
মামলার বিবরণ অনুযায়ী, টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠার ঘটনাকে কেন্দ্র করে সেখানে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগের পর বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
আদালতে শাহজালাল রুমীর জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
মামলায় আইনি প্রতিকার চেয়ে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন শাহজালাল রুমী। ওই আবেদনের ওপর মঙ্গলবার (৩ নভেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার পাশাপাশি চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।



