আইওয়ার গভর্নর হলেন ডেমোক্র্যাট রব স্যান্ড, শেষ হলো রিপাবলিকানদের টানা দেড় দশকের দখল

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট রব স্যান্ড। তিনি রিপাবলিকান ব্যবসায়ী জ্যাক লানকে পরাজিত করেছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ফল ঘোষণা করেছে।
দুই মেয়াদের অঙ্গরাজ্য অডিটর স্যান্ডকে বেছে নিয়েছেন ভোটাররা। ২০০৬ সালে চেট কালভারের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট আইওয়ার গভর্নর নির্বাচিত হলেন। ২০১১ সাল থেকে এই পদটি রিপাবলিকানদের দখলে ছিল। স্যান্ড দায়িত্ব নেবেন রিপাবলিকান গভর্নর কিম রেনল্ডসের স্থলে, যিনি আরেক মেয়াদের জন্য প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
স্যান্ডের এই জয় এসেছে এমন একটি অঙ্গরাজ্যে, যা সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকানদের দিকে ঝুঁকেছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আইওয়ায় ১৩ শতাংশের বেশি পয়েন্টের ব্যবধানে জিতেছিলেন। ট্রাম্প লানকে সমর্থন দিয়েছিলেন।
৪৪ বছর বয়সী স্যান্ড ছিলেন এক উল্লেখযোগ্য ব্যতিক্রম। ২০২২ সালে তিনি সামান্য ব্যবধানে অডিটর পদে পুনর্নির্বাচিত হয়ে অঙ্গরাজ্যব্যাপী পদে থাকা একমাত্র ডেমোক্র্যাট হয়েছিলেন। বছরের পর বছর ধরে তিনি প্রকাশ্যে বলে এসেছেন, তাঁর খ্রিস্টীয় বিশ্বাস তাঁর নীতিকে দিকনির্দেশনা দেয়; প্রচারণায় তিনি কখনো কখনো বলেছেন, ‘যিশু ছোট মানুষের পক্ষে।’
অডিটর হওয়ার আগে তিনি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল। সেই দায়িত্বে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় লটারি জালিয়াতি চক্রের তদন্ত ও বিচার প্রক্রিয়ার নেতৃত্ব দেন, যেখানে পাঁচটি অঙ্গরাজ্যে জ্যাকপট কারসাজি করা হয়েছিল।
স্যান্ড সরকারি জবাবদিহি ও দলগুলোর মধ্যে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছেন। শিক্ষা ছিল এই লড়াইয়ের বড় একটি বিভাজনরেখা। তিনি আইওয়ার শিক্ষা সঞ্চয় অ্যাকাউন্ট বা ভাউচার কর্মসূচির সমালোচনা করেন, যেখানে সরকারি অর্থ দিয়ে পরিবারগুলোকে বেসরকারি স্কুলের টিউশন পরিশোধে সাহায্য করা হয়। তিনি সরকারি স্কুলে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।
লান ওই কর্মসূচির পক্ষে অবস্থান নিয়ে বলেন, সন্তানদের শিক্ষার ক্ষেত্রে বাবা-মায়েদের আরও বেশি পছন্দের সুযোগ পাওয়া উচিত।
স্যান্ড জীবনযাত্রার ব্যয় কমানো ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েও প্রচারণা চালান এবং মেডিকেইডের বেসরকারিকরণ বন্ধের আহ্বান জানান।
গভর্নরের এই লড়াই ছিল ব্যয়বহুল। জুলাইয়ের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের প্রচারণা অর্থায়নের প্রতিবেদন অনুযায়ী, দুই প্রার্থী মিলে ৪ কোটি ৬০ লাখ ডলারের বেশি খরচ করেছেন; এর মধ্যে স্যান্ডের খরচ ছিল প্রায় ২ কোটি ৯০ লাখ ডলার।
ওই সময়ে লান কিছুটা বেশি অর্থ সংগ্রহ করেছিলেন, যার বেশিরভাগ নগদ অনুদান এসেছে রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের ‘রাইট ডিরেকশন প্যাক’ থেকে। স্যান্ডও ডেমোক্র্যাটিক গভর্নরস অ্যাসোসিয়েশন থেকে লাখ লাখ ডলার পেয়েছেন।
প্রথমবারের প্রার্থী লান তাঁর ব্যবসায়িক অভিজ্ঞতার ওপর জোর দিয়েছিলেন। তিনি এর আগে রক্ষণশীল সমর্থনকারী সংগঠন আমেরিকানস ফর প্রসপেরিটির জন্য কাজ করেছেন।



