বছরে দ্বিতীয়বার ব্যাগেজ ফি বাড়াল জেটব্লু, প্রথম ব্যাগেই গুনতে হবে অন্তত ৫০ ডলার

যুক্তরাষ্ট্রের এয়ারলাইন জেটব্লু এ বছর দ্বিতীয়বারের মতো চেক করা ব্যাগেজের ফি বাড়িয়েছে। ব্যস্ত ছুটির ভ্রমণ মৌসুম শুরুর মুখে এই বৃদ্ধিতে যাত্রীদের লাগেজ চেক করতে আগের চেয়ে বেশি অর্থ গুনতে হবে।
৩ নভেম্বর বা তার পরে কেনা টিকিটের ক্ষেত্রে নতুন ফি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে চলাচলকারী বেশিরভাগ ইকোনমি যাত্রীকে এখন প্রথম চেক করা ব্যাগের জন্য একমুখী যাত্রায় অন্তত ৫০ ডলার দিতে হবে, যা আগে ছিল ৩৯ ডলার।
থ্যাংকসগিভিং ও শীতের ছুটিসহ ব্যস্ত ভ্রমণ সময়ে এই ফি আরও বেশি। যাত্রার অন্তত ২৪ ঘণ্টা আগে পরিশোধ করলে ব্যস্ত সময়ে প্রথম ব্যাগের ফি ৫৫ ডলার। শেষ ২৪ ঘণ্টায় পরিশোধ করলে স্বাভাবিক সময়ে ৬০ ডলার এবং ব্যস্ত সময়ে ৭০ ডলার গুনতে হবে।
বছরের শুরুতে জেটব্লুর বেশিরভাগ ইকোনমি অভ্যন্তরীণ ফ্লাইটে প্রথম চেক করা ব্যাগের ফি ছিল স্বাভাবিক সময়ে ৩৫ ডলার। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা দিয়ে ইরান যুদ্ধ শুরুর পর জেট ফুয়েলের দাম ওঠানামা শুরু হলে পরিস্থিতি বদলে যায়।
দ্বিতীয় চেক করা ব্যাগের ফিও বেড়েছে। স্বাভাবিক সময়ে তা শুরু হচ্ছে ৭০ ডলার থেকে এবং ব্যস্ত সময়ে ৭৫ ডলার। বিমানবন্দরে গিয়ে ব্যাগ চেক করলে দ্বিতীয় ব্যাগের জন্য সর্বোচ্চ ৮৫ ডলার পর্যন্ত দিতে হতে পারে।
নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান টার্মিনাল রয়েছে জেটব্লুর। এর আগে মার্চ মাসে এয়ারলাইনটি ব্যাগেজ ফি বাড়িয়েছিল। সেই বৃদ্ধির পর ডেল্টা, ইউনাইটেড, আমেরিকান ও সাউথওয়েস্টসহ যুক্তরাষ্ট্রের বড় এয়ারলাইনগুলোর মধ্যে ব্যাগেজ ফি বাড়ানোর আরও একটি ঢেউ দেখা গিয়েছিল।
বসন্তে এয়ারলাইনটি বলেছিল, বর্ধিত পরিচালন ব্যয় সামাল দিতে এবং মূল ভাড়া প্রতিযোগিতামূলক রাখতেই ফি বাড়ানো হচ্ছে। সর্বশেষ বৃদ্ধি নিয়ে বুধবার অ্যাসোসিয়েটেড প্রেস ইমেইলে জেটব্লুর মন্তব্য চেয়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধের এখনও কোনো নিষ্পত্তি হয়নি। বিশ্বের তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচল অনেকটাই সীমিত রয়েছে, যার কারণে জেট ফুয়েলের দাম চড়া রয়েছে।
গত সপ্তাহে তৃতীয় প্রান্তিকের আয় ঘোষণার কলে জেটব্লুর কর্মকর্তারা বলেন, জ্বালানির দাম বাড়ায় ভাড়া বাড়লেও যাত্রী চাহিদা শক্তিশালী রয়েছে। এয়ারলাইনটি জানায়, গ্রীষ্মে তাদের গড় জ্বালানি মূল্য ছিল গ্যালনপ্রতি ৩.৯১ ডলার, যা আগের বছরের চেয়ে ৫৭ শতাংশ বেশি। বছরের শেষ তিন মাসে তা গ্যালনপ্রতি ৪.৬৪ ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৮৫ শতাংশ বেশি।
তবে সব যাত্রীর জন্য ফি প্রযোজ্য নয়। যোগ্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডধারী ও জেটব্লুর লয়্যালটি কর্মসূচির সদস্যসহ কিছু যাত্রী এখনও বিনা ফিতে ব্যাগ চেক করতে পারবেন।




