শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সমতা পার্টির, প্রেস ক্লাবের সামনে সমাবেশ

শ্রমিকদের ওপর নির্যাতন-পীড়ন বন্ধ করে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সমতা পার্টি। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ দিয়ে দমন না করার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সমতা পার্টি আয়োজিত শ্রমিক হত্যার প্রতিবাদী সমাবেশে এসব কথা বলেন দলটির সভাপতি হানিফ বাংলাদেশি ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
সমাবেশে হানিফ বাংলাদেশি বলেন, শ্রমিকদের নির্যাতন-পীড়ন করে কোনো আন্দোলন দমন করা যাবে না। শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। তিনি বলেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে বাংলাদেশ বাঁচবে। শিল্প খাত নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তিনি।
শ্রমিকদের আন্দোলনকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত করে দেখার সমালোচনা করে তিনি বলেন, গার্মেন্টস শ্রমিক, রিকশাশ্রমিক, আনসার ও শিক্ষকদের আন্দোলন হলেই সেখানে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা খোঁজা হচ্ছে। এভাবে আন্দোলনকারীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদের ন্যায্য দাবি দমন করা যাবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা ও শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রমিকদের ওপর নির্যাতন-পীড়ন, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি ও হয়রানি বন্ধ করতে হবে।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন হানিফ বাংলাদেশি।
সমাবেশে দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, দ্রব্যমূল্য কমাতে হবে, অন্যথায় শ্রমিকদের মাসিক ৩০ হাজার টাকা মজুরি নিশ্চিত করতে হবে।
বেলাল হোসেন বলেন, শুধু পোশাকশ্রমিক নয়, মোটরশ্রমিক, নির্মাণশ্রমিক, প্রবাসী শ্রমিক, দিনমজুর ও রিকশাচালকসহ সব শ্রেণির শ্রমিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না করে পুলিশ দিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হলে শ্রমিকেরা তা প্রতিহত করবেন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক এম রহমান, দলের সদস্য মোজাম্মেল মিয়াজী, অলক চৌধুরী, ইয়ামিন খান ও বিধান চৌধুরী প্রমুখ।



