মাগুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি, ভিডিও ভাইরাল হওয়ার পর যুবক আটক
মাগুরার শালিখা উপজেলার বয়রা গ্রামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শালিখা থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শফিকুলকে আটক করে। তিনি ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।
ঘটনার একটি ভিডিও ধারণ করা হয়েছিল। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বয়রা গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপির সাবেক ইউনিয়ন নেতা অ্যাডভোকেট এখলাছুর রহমানের অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় লোকজন তাদের হাতেনাতে ধরেছেন বলে দাবি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিক্ষুব্ধ লোকজন জড়ো হন।
এ সময় ওই প্রবাসীর ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শফিকুল ইসলাম যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একই সঙ্গে শিশুটির নিরাপত্তা এবং শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে শালিখা থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি।
মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বয়রা গ্রামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।


