মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন, পুড়ে ছাই পুরো বাস
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পান তাঁরা।
খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিট দুটি গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ।
তিনি জানান, মহাখালী বাস টার্মিনালের পেছনের শেষ মাথায় সোহাগ পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দেয়।
আগুনে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে মিরপুরেও একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল। মিরপুরের পর মহাখালীতে বাসে আগুনের এই ঘটনা ঘটল।



