যুক্তরাষ্ট্রের ব্ল্যাক ক্যানিয়নে ডেনভারের ব্যক্তির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের গানিসন ন্যাশনাল পার্কের ব্ল্যাক ক্যানিয়নে ডেনভারের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম জন এন. কাউন্ট্রিম্যান, বয়স ৫৭ বছর।
মন্ট্রোজ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গত সপ্তাহে পার্কের কাছে একটি পরিত্যক্ত গাড়ি পাওয়ার পর মরদেহটি খুঁজে পাওয়া যায়। বুধবার কর্তৃপক্ষ বিষয়টি জানায়।
শেরিফের কার্যালয় জানায়, গত ২৭ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্ল্যাক ক্যানিয়নের সাউথ রিমে মাইল মার্কার ১০-এর কাছে পার্ক করা একটি পরিত্যক্ত গাড়ির খবর পান ডেপুটিরা।
পার্কের সবচেয়ে খাড়া দর্শনীয় স্থানগুলোর একটি ডেভিলস লুকআউটের কাছে ব্যক্তিগত জিনিসপত্রও পাওয়া যায়।
এরপর শেরিফের কার্যালয়ের ড্রোন দলকে পরিত্যক্ত গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য নিখোঁজ ব্যক্তির খোঁজে ক্যানিয়নটি অনুসন্ধান করতে ডাকা হয়। তবে দিনের আলো কমে আসায় রাত নামার আগেই তারা কাউকে খুঁজে পাননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পরদিন সকাল আনুমানিক সাড়ে ছয়টায় অনুসন্ধান শুরু করার পর ড্রোন দল ক্যানিয়নের তলদেশে মানুষের দেহাবশেষ রয়েছে বলে নিশ্চিত করে।
দুই দিন পর কাউন্ট্রিম্যানের মরদেহ উদ্ধার করা হয় এবং মন্ট্রোজ কাউন্টি করোনারের কার্যালয়ে পাঠানো হয়।
মৃত্যুর কারণ ও ধরন এখনো তদন্তাধীন রয়েছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে শেরিফের কার্যালয় মৃত ব্যক্তির পরিচয় জানায়।
ব্ল্যাক ক্যানিয়নের অনেক পথ প্রায় ২,০০০ ফুট গভীর খাড়া ঢালের পাশ দিয়ে গেছে এবং ভেতরের ক্যানিয়নে যাওয়ার সুযোগ সীমিত। গানিসন নদীর খোদাই করা এই সরু ও গভীর গিরিখাতের ভূ-প্রকৃতি অনুসন্ধান ও উদ্ধার অভিযানকে কঠিন করে তোলে।


