…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গুলি, বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। এতে মনিরুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে তাকে আটক করে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সোনা পাচারের চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হন উপজেলার হরিহরনগর গ্রামের মনিরুল। তবে তার আহত হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি বিজিবি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর মনিরুলসহ সাত বাংলাদেশি ডিঙিনৌকায় করে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি যান। এ সময় ভারতের টুঙ্গি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মনিরুলের ডান পায়ে গুলি লাগে। তার সঙ্গে থাকা অন্য ছয়জন পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা মনিরুলকে আটক করে ভারতের ভেতরে নিয়ে যান। তাকে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

এ বিষয়ে ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান বলেন, বিএসএফ একটি গুলি ছুড়লে বিজিবি পাল্টা দুটি গুলি ছোড়ে। তবে বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ চলছে। পাশাপাশি শনিবার সীমান্তের শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে শুক্রবার রাতে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার পাশে গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাল্টা গুলি ছোড়ে।

ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে নেতানিয়াহুকে সরাতে ঐক্যবদ্ধ হতে পারে ইসরায়েলের বিরোধীরা

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয় ইসরায়েলের বিভক্ত বিরোধী দলগুলোর গভীর অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন সহজ করে দিতে পারে, কারণ এতে ডোনাল্ড ট্র…

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের নির্বাচনে প্রাথমিক ফলে এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি, ঘাড়ে নিশ্বাস ফেলছে লেবার

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থি ন্যাশনাল পার্টি এগিয়ে রয়েছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, দলটি পেয়েছে ৩০ দশমিক…

আন্তর্জাতিক

গৃহবন্দী সাবেক প্রেসিডেন্ট পেনাকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নিল প্যারাগুয়ে

প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে নিজের নিরাপত্তার জন্য একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রাজধানী আসুনসিওনে নাটকীয়…

আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, আহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছ…