শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছি না, ট্রফি নিতেই হবে: মোরসালিন
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে লাল-সবুজের দল দুদিন অনুশীলন করেছে। শক্তির বিবেচনায় এবারের শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছেন না মিডফিল্ডার শেখ মোরসালিন।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপের অন্যতম শক্তিশালী দল শ্রীলঙ্কা। গ্রুপপর্বের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন পূর্ব নির্ধারিত অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে সংবাদমাধ্যমে লক্ষ্যের কথা জানিয়েছেন মিডফিল্ডার মোরসালিন।
শ্রীলঙ্কা দল নিয়ে মোরসালিন বলেন, আমরা একমত শ্রীলঙ্কা টিম খুবই ভালো। আমরা কোনোভাবে মানে হালকাভাবে নিচ্ছি না। আমরা ওভাবেই আমাদের প্রস্তুতি নিচ্ছি।
নিজেদের লক্ষ্য নিয়ে তিনি বলেন, যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, আমাদের আত্মবিশ্বাস এখন ভালো, সবাই ভাল একটা মনোভাব নিয়ে আছে। আমরা আশা করছি জিতব এবং জেতার জন্যই আমরা পরবর্তী ম্যাচ খেলব।
দলে হামজা ও ফারহানের যোগ দেওয়া নিয়ে মোরসালিন বলেন, আমরা খুবই আশাবাদী। হামজা ভাই, তারপরে ফারহান ওরা আসলে আমাদের টিমের যে স্পিরিট ছিল, আমরা আশা করছি স্পিরিট আরও বাড়বে।
শ্রীলঙ্কা ম্যাচে সুযোগ পাওয়া নিয়ে এ মিডফিল্ডার বলেন, না, অবশ্যই আমি যখনই যেখানেই যতটুকু সুযোগ পাই, আমি সবসময় চেষ্টা করি শতভাগ দেওয়ার জন্য। তো আমি যদি সুযোগ পাই, আমি আমার জায়গা থেকে সেরাটাই দেয়ার চেষ্টা করব।
সাফ দিয়ে নিজের ক্যারিয়ার শুরুর কথা স্মরণ করে মোরসালিন বলেন, আমার তো সাফ থেকে ক্যারিয়ার শুরু হইছে। আমরা ট্রফি নিতে পারি নাই।
তিনি বলেন, আমি মনে প্রাণে চেয়েছি পরবর্তী সাফ, পরবর্তী বলতে এটাই। যেভাবে হোক আমি ট্রফি নিতে চাই, স্পেশালি এটা আমার ইচ্ছা ছিল, এখনো আছে।
মোরসালিন বলেন, আর অবশ্যই তো আমাদের এবার ট্রফি নিতেই হবে। আমাদের ঘরের মাঠে খেলা। তো ওইটাই আমাদের সবারই লক্ষ্য এখন।




