…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

ইসলামাবাদ ও আঙ্কারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
ইসলামাবাদ ও আঙ্কারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদ ও তুরস্কের আঙ্কারায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশের দূতাবাসগুলো। আজ শনিবার সকালে দুই দেশের রাজধানীতেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। এ সময় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের আর্থসামাজিক-ভৌগোলিক রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য সমুন্নত রাখতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের চেতনা মনেপ্রাণে ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান সবাইকে স্বাগত জানিয়ে বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি দেশকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে মুক্তি দেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করেন। ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, শোষণমুক্ত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিষ্ঠার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার। আলোচনা শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অন্যদিকে আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসেও সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রাষ্ট্রদূত মো. আমানুল হক।

পতাকা উত্তোলন শেষে দূতাবাসের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

কর্মসূচির পরবর্তী অংশে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পটভূমি ও তাৎপর্যের ওপর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রেরিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মো. আমানুল হক ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তাঁবেদারি অপশাসন, দুর্নীতি ও ষড়যন্ত্রের সেই কঠিন সময়ে ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পেয়েছিল।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। পরিশেষে ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, বৈষম্য ও সব ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে দেশের অগ্রযাত্রায় কাজ করার পাশাপাশি প্রবাসের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আঙ্কারার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, প্রবাসীদের ঐক্যের আহ্বান

জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে পর্তুগালের রাজধানী লিসবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালন করেছে …

প্রবাস

গ্রিসে ৫০০ জনের বেশি অভিবাসী পাচারের অভিযোগে চক্রের ১০ সদস্য আটক

গ্রিসে ৫০০ জনের বেশি অভিবাসীকে পাচারের অভিযোগে একটি চক্রের ১০ সদস্যকে আটক করেছে দেশটির পুলিশ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা ও সালোনিকিতে সমন্বিত অ…

প্রবাস

সৌদিতে বাসে ট্রাকের ধাক্কায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জিজান এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহত ও আহত ব্যক্তিরা একাধিক পরিবারের সদস্য…