ড্রোন হামলায় ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ, কুর্দি অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকা বিদ্যুৎহীন
উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় আগুন লেগেছে এবং ওই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন ইরাকি ও কুর্দি কর্মকর্তারা।
রোববার রাতের এই হামলায় কুর্দি অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
এই হামলার জন্য কে দায়ী, তা এখনও স্পষ্ট নয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তাও জানা যায়নি।
আল জাজিরার তথ্য যাচাইকারী সংস্থা সানাদ সুলাইমানিয়া গভর্নরেটের গ্যাসক্ষেত্রের আশপাশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা ওঠার ফুটেজ যাচাই করেছে।
কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ জানিয়েছেন, এই হামলায় এরবিল, সুলাইমানিয়া, বাজিয়ান, চামচামাল ও দুহোক শহরের বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। সরকারি ইরাকি সংবাদ সংস্থা আইএনএ এই তথ্য জানিয়েছে।
তিনি বলেন, এই হামলায় গ্রিড থেকে দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় জলবিদ্যুৎ কেন্দ্র ও বিকল্প জ্বালানিতে চলা অন্যান্য কেন্দ্র পরিচালনা করে হাসপাতাল ও পানি শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করবে।
বাগদাদ থেকে আল জাজিরার সাংবাদিক পিটার স্মিথ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, বিস্ফোরকভর্তি ড্রোনটি খোর মোর গ্যাস সংরক্ষণাগারে আঘাত হানে, যার ফলে বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশ কমে গেছে।
ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়দি বলেছেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী এই হামলায় কোনো হতাহত হয়নি। আইএনএ এই তথ্য জানিয়েছে।
আল-জায়দি কুর্দি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, যাতে হামলার পরিস্থিতি তদন্ত করা যায়।
এই হামলা এমন সময়ে ঘটেছে যখন অঞ্চলে উত্তেজনা বেড়েছে। গত বছর একই স্থাপনায় ড্রোন হামলা হয়েছিল, আর কোনো গোষ্ঠী তখন এর দায় স্বীকার করেনি।
