…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

টিস্যু কোম্পানির চেয়ে চাঁদের কাছ থেকে বেশি স্পনসর পাই: তাহসান খান

নিজস্ব প্রতিবেদক
টিস্যু কোম্পানির চেয়ে চাঁদের কাছ থেকে বেশি স্পনসর পাই: তাহসান খান
ছবি: সংগৃহীত

গান শুনে বাংলাদেশের অর্ধেক ছেলে-মেয়ে প্রেমে পড়ে, আর বাকি অর্ধেক ছ্যাঁকা খায়—এমন একজন মানুষ এবার হাজির হয়েছেন রসালাপে। তিনি গায়ক ও অভিনেতা তাহসান খান। গানে তিনি বলেন, ‘চলো না হারাই…’, কিন্তু ঢাকার জ্যামে হারাতে চাইলেও হারানো যায় না। নাটকে তিনি কাঁদেন, গানে তিনি কাঁদান।

শুরুতেই তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর ‘আলো আলো’ গানটি মুক্তির পর থেকে দেশে লোডশেডিং বেড়েছে বলে শোনা যায়—এর পেছনে বিদ্যুৎ বিভাগের কোনো হাত আছে কি না। তাহসান জানান, গানটি তিনি লিখেছিলেন ২০০৬ সালে। তার আগেও লোডশেডিং ছিল, পরেও আছে। তাঁর গানের সঙ্গে লোডশেডিংয়ের সম্পর্ক নেহাত উদ্দেশ্যপ্রণোদিত একটি গুজব।

তাঁর আরেকটি কালজয়ী গান ‘ঈর্ষা’। আয়নায় নিজের চিরসবুজ চেহারা আর চকলেটবয় ইমেজ দেখে নিজের প্রতিই কি তাঁর ঈর্ষা হয়—এমন প্রশ্নে তাহসান বলেন, নিজেকে নিয়ে ঈর্ষা হওয়ার মতো মানসিক ব্যাধিতে ভুগলে তাঁর মানসিক ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই জরুরি হতো। এখনো সেই উপসর্গ দেখা যায়নি।

দেশের অনেক তরুণ-তরুণী ব্রেকআপের পর তাঁর গান শুনে কেঁদে বালিশ ভেজায়। টিস্যু কোম্পানিগুলোর স্পনসরশিপ থেকে তিনি কোনো লভ্যাংশ পান কি না—জানতে চাইলে তাহসান বলেন, এটা আসলে একটা করপোরেট সিক্রেট, যা ফাঁস করে দেওয়া হলো। তবে সত্যি বলতে, টিস্যু কোম্পানির চেয়ে তিনি বেশি স্পনসর পান চাঁদের কাছ থেকে।

নাটকে বেশির ভাগ সময় তাঁকে দেখা যায় সেই চেনা চকলেটবয় বা নিখুঁত ভদ্রলোকের চরিত্রে, যিনি সুন্দর করে পিয়ানো বাজান আর কাঁদেন। লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে কড়া খলনায়কের চরিত্রে অভিনয় করতে ইচ্ছা করে কি না—জানতে চাইলে তিনি বলেন, ইচ্ছা তো করেই। কিন্তু পরিচালকেরা বলেন, ‘তাহসান ভাই, আপনি লুঙ্গি পরলেও সেটাকে কেমন যেন ফরমাল ট্রাউজারের মতো মনে হয়। আর আপনি রাগ করলেও মনে হয় রোমান্টিক ডায়ালগ দিচ্ছেন।’ তাই পিয়ানো আর ইস্তিরি করা শার্টই তাঁর নিত্যদিনের বন্ধু।

গান-অভিনয়ের পাশাপাশি তিনি দারুণ উপস্থাপনাও করেন। বাসায় তরকারিতে লবণ বেশি হওয়ার মতো সমস্যা হলেও তিনি মাইক্রোফোন হাতে গম্ভীর কণ্ঠে বলেন কি না—‘প্রিয় দর্শক, চলুন দেখে আসি রান্নাঘরের পেছনের গল্প। তবে ছোট্ট একটি বিরতির পর…’—এমন প্রশ্নে তাহসান বলেন, প্রশ্নকর্তা যেমন বাসায় সবাইকে প্রশ্ন করতে করতে বিরক্ত করেন, তিনিও সবাইকে কিছুক্ষণ পরপর জোর করে বিরতিতে পাঠিয়ে দেন।

তাঁর তো বয়সই বাড়ে না। জাস্টিন বিবার কিংবা কোরিয়ান বিটিএস ব্যান্ডের চেয়েও তাঁর ফ্যানবেজে আপুদের সংখ্যা বেশি—এই চিরসবুজ থাকার রহস্য কী, জানতে চাইলে তাহসান বলেন, এটা ডাহা মিথ্যা কথা। গান আর অভিনয় থেকে বিরতি নিয়েছেন বছর কয়েক হলো। এর মধ্যেই ভক্তসংখ্যা কমে ১৫০-এ নেমেছে। এখন সাদা চুল-দাড়ি নিয়ে বাইরে রিকশায় ঘোরেন। অটোগ্রাফ-ছবি তো দূরের কথা, কেউ চিনতেই পারে না। বেশ উপভোগ্য এই সময়টা।

তিনি গান গাইলেন, অভিনয় করলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ালেন, বইও লিখলেন। বাকি আছে শুধু মহাকাশে যাওয়া। নাসা যদি তাঁকে মঙ্গলে যাওয়ার অফার দেয়, সেখানে গিয়ে কি কোনো নতুন অ্যালবামের গান লিখবেন—এমন প্রশ্নে তিনি বলেন, ভারত আর পাকিস্তানে একটাও কনসার্ট করলাম না, আর আপনি আসছেন মঙ্গলগ্রহ নিয়ে! আগে হিন্দি ও উর্দু ভাষায় কিছু হিট গান বানাই। তারপর মঙ্গলগ্রহের চিন্তা।

সবশেষে রসালাপের পাঠকদের উদ্দেশে এমন একটা কথা বলতে বলা হয়, যা শুনে কেউ কাঁদবে না, বরং হাসবে। জবাবে তাহসান বলেন, খুব মজা নিচ্ছেন তাঁর করুণ গানগুলো নিয়ে, না? শোনেন, কাঁদতে পারাটা একটা আশীর্বাদ। যেদিন অনুভূতি সব ভোঁতা হয়ে যাবে, সেদিন বুঝবেন, কাঁদতে পারা কী প্রশান্তির।

হাসতে চাইলে স্ট্যান্ডআপ কমেডি শোতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আর রসালাপ পড়া বন্ধ করে রসকদম্ব মিষ্টি খেতেও বলেছেন তাহসান খান।

বিনোদন বিভাগের আরও খবর

সিএফডিএ ফ্যাশন অ্যাওয়ার্ডসে স্বচ্ছ পোশাকে নজর কাড়লেন ব্রুকস নেইডার
বিনোদন

সিএফডিএ ফ্যাশন অ্যাওয়ার্ডসে স্বচ্ছ পোশাকে নজর কাড়লেন ব্রুকস নেইডার

সিএফডিএ ফ্যাশন অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে স্বচ্ছ পোশাকে নজর কাড়লেন অভিনেত্রী ও মডেল ব্রুকস নেইডার। ২৯ বছর বয়সী এই তারকা কালো-সাদা ধাতব আভার স্বচ্ছ …

বিনোদন

ক্যানভাসে ১৬ নদীর গল্প: ‘নদীলিপি’তে নদী বাঁচানোর শিল্পিত আহ্বান

নদী শুধু জলপ্রবাহ নয়, নদী মানুষের স্মৃতি, জীবন ও সভ্যতার নীরব সাক্ষী। কোথাও নদীর বুকে ভেসে বেড়ানো পুরোনো স্টিমার, লঞ্চ ও নৌকার স্মৃতি, কোথাও বাউলের …

নতুন গান ‘ট্র্যাম্প স্ট্যাম্প’ নিয়ে আলোচনায় ম্যাডোনা-কন্যা লর্দেস লিওন
বিনোদন

নতুন গান ‘ট্র্যাম্প স্ট্যাম্প’ নিয়ে আলোচনায় ম্যাডোনা-কন্যা লর্দেস লিওন

‘পপসম্রাজ্ঞী’ ম্যাডোনার মেয়ে হিসেবে পরিচিতি তাঁর জন্মের পর থেকেই। তবে সেই পরিচয়ের বাইরে নিজের আলাদা অবস্থান তৈরি করতে চান লর্দেস লিওন। সংগীত, ফ্যাশন…

নিলামে উঠছে উপন্যাসের চরিত্রের নাম, অর্থ যাবে নির্যাতনের শিকারদের পাশে
বিনোদন

নিলামে উঠছে উপন্যাসের চরিত্রের নাম, অর্থ যাবে নির্যাতনের শিকারদের পাশে

মার্গারেট অ্যাটউড, জেডি স্মিথ ও ইয়ান ম্যাকইওয়ানের মতো খ্যাতনামা লেখকেরা তাঁদের পরবর্তী উপন্যাসের একটি চরিত্রের নাম রাখার সুযোগ নিলামে তুলছেন। নির্যা…