…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম

নিজস্ব প্রতিবেদক

দেশে গত অক্টোবর মাসে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। এক মাসে মাছের দাম গড়ে ১১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া মসলা, পেঁয়াজ, রসুন, আদা, জ্বালানি তেল, চিনি ও ভোজ্য তেলের দামও বেড়েছে। তবে সাত ধরনের পণ্যের দাম অপরিবর্তিত ছিল এবং দুটি পণ্যের দাম কমেছে।

রোববার (৮ নভেম্বর) কনজুমারস ফোরাম (সিএফ) প্রকাশিত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বাজার পরিস্থিতি–সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটির সরেজমিনে সংগ্রহ করা বাজারদরের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

পণ্যভেদে দামের হিসাবে দেখা যায়, অক্টোবরে লবঙ্গ, এলাচ, দারুচিনি ও জিরাসহ বিভিন্ন মসলার দাম গড়ে ১০ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ। এ ছাড়া জ্বালানি তেলের দাম ৬ দশমিক ০২ শতাংশ, চিনির ৪ দশমিক ৯৩ শতাংশ, ভোজ্য তেল ও ডালডার ৪ দশমিক ৮০ শতাংশ, আটার দাম ৩ দশমিক ২৫ শতাংশ এবং চালের দাম ২ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।

একই সময়ে ডিমের দাম ১ দশমিক ৪২ শতাংশ, মাংসের দাম শূন্য দশমিক ৩৮ শতাংশ এবং চায়ের দাম শূন্য দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাছের দাম বেড়েছে সবচেয়ে বেশি, গড়ে ১১ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে অক্টোবরে সাত ধরনের পণ্যের দাম স্থিতিশীল ছিল। এসব পণ্যের মধ্যে রয়েছে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ ও টুথপেস্ট, চানাচুর ও বিস্কুট, নিত্যব্যবহৃত ১১টি ব্র্যান্ডের ওষুধ এবং খাতা-কলম। এ সময়ে শাকসবজির দাম গড়ে ৩ দশমিক ১২ শতাংশ এবং সোনা-রুপার দাম ৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালীন শাকসবজি বাজারে আসতে শুরু করায় সবজির দাম কমেছে। যশোর, বগুড়া ও রংপুর এলাকার বাজার থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, বগুড়া ও রংপুরে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৬ থেকে ১২ টাকা, মূলা ৬ থেকে ৮ টাকা এবং লাউ ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে কলার হালি পাওয়া যাচ্ছে ৫ থেকে ৮ টাকায়।

তবে একই পণ্য ঢাকার বাজারে বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। রাজধানীতে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, পেঁপে ও মূলা ৩০ টাকা এবং লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

সবজির দাম কমলেও এতে উৎপাদকেরা লাভবান হতে পারছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কৃষকদের বরাত দিয়ে বলা হয়েছে, বাজারে কম দামে সবজি বিক্রি করতে গিয়ে উৎপাদন খরচও তুলতে পারছেন না তাঁরা। ফলে একদিকে ভোক্তারা ঢাকার বাজারে তুলনামূলক বেশি দামে সবজি কিনছেন, অন্যদিকে উৎপাদকেরা ন্যায্য দাম পাচ্ছেন না।

সিএফের হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ৩ দশমিক ১৩ শতাংশ বেড়েছিল। অক্টোবরে বেড়েছে আরও ৪ দশমিক ৩৯ শতাংশ। সংগঠনটি দুই মাসে মোট দাম বৃদ্ধির হার ৭ দশমিক ৫২ শতাংশ বলে উল্লেখ করেছে।

পণ্যমূল্য এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। তাদের মতে, শুধু বেতন-ভাতা বাড়িয়ে মানুষের জীবনযাত্রার চাপ কমানো সম্ভব নয়। বাড়িভাড়া, দোকানভাড়া, শিক্ষা ও চিকিৎসাসহ দৈনন্দিন ব্যয়ও মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের সামর্থ্যের মধ্যে রাখা জরুরি।

বাজারে অতিমুনাফার প্রবণতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিএফ। প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার পরামর্শ দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে গ্রামপর্যায়ে কৃষিপণ্যের উৎপাদনমূল্য ও ভোক্তা পর্যায়ের দামের মধ্যে ব্যবধান কমাতে বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদন তৈরিতে সিএফ রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের ভূঁইয়া বাজার, মীনা বাজার ও স্বপ্ন সুপারশপ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করেছে। পাশাপাশি যশোর, বগুড়া ও রংপুরের বাজার পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়েছে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কাজ করে না: অর্থমন্ত্রী

পূর্ববর্তী প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে অনর্থক চর্চা করাকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে নিজের অবস্থান তু…

এক দশকে প্রায় তিন গুণ বেড়েছে বাংলাদেশের বিদেশি ঋণের বোঝা
অর্থনীতি ও ব্যবসা

এক দশকে প্রায় তিন গুণ বেড়েছে বাংলাদেশের বিদেশি ঋণের বোঝা

দেশের বেশির ভাগ উন্নয়ন প্রকল্প ধারের অর্থে বাস্তবায়িত হচ্ছে। আর সেই ধারের নির্ভরযোগ্য উৎস হলো বিদেশি ঋণ। কিন্তু সেই ঋণের বোঝা বাড়ছে দ্রুত। গত এক দশ…

ভারত থেকে আনা ১৮ রেলকোচের পরীক্ষামূলক চলাচল শুরু, পঞ্চগড়ের পথে যাত্রা
অর্থনীতি ও ব্যবসা

ভারত থেকে আনা ১৮ রেলকোচের পরীক্ষামূলক চলাচল শুরু, পঞ্চগড়ের পথে যাত্রা

ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে পঞ্চগড়ে…

২০২৭ সালে ৪০ কার্গোর মধ্যে ২৬টি এলএনজি দেবে কাতারএনার্জি, মার্চ পর্যন্ত সূচি চূড়ান্ত করছে সরকার
অর্থনীতি ও ব্যবসা

২০২৭ সালে ৪০ কার্গোর মধ্যে ২৬টি এলএনজি দেবে কাতারএনার্জি, মার্চ পর্যন্ত সূচি চূড়ান্ত করছে সরকার

মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনিশ্চয়তায় ২০২৭ সালে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি পরিকল্পনায় পরিবর্তন আসছ…