আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার নীতিমালা প্রকাশ, ২২ নভেম্বর শুরু জেলা পর্যায়ের খেলা
ঢাকা শিক্ষা বোর্ডের অধীন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২০২৭ আয়োজনের বিস্তারিত নীতিমালা (বাইলজ) প্রকাশ করা হয়েছে।
ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের নিয়মকানুন নির্ধারণ করে এ নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা, খেলোয়াড় নিবন্ধন, খেলার নিয়ম, শৃঙ্খলা, আপত্তি উত্থাপন ও ভাতাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এ নীতিমালা প্রকাশ করা হয়। বোর্ডের অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব কলেজকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। একই দিনে ২০২৬-২৭ সালের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বোর্ড।
নীতিমালা অনুযায়ী, ফুটবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রতিটি ম্যাচ ৩০ মিনিট করে দুই অর্ধে এবং মহিলা বিভাগে ২০ মিনিট করে দুই অর্ধে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকলে টাইব্রেকারের মাধ্যমে ফল নির্ধারণ করা হবে। প্রতিটি দল সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে।
অন্যদিকে, ক্রিকেট প্রতিযোগিতা হবে ২০ ওভারের। এ ক্ষেত্রে খেলোয়াড়দের রঙিন পোশাক ও সাদা বল ব্যবহার করতে হবে। তবে মহিলা বিভাগের খেলায় ব্যবহার করতে হবে টেপ টেনিস বল।
ভলিবল, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতাও নির্ধারিত সেট ও সময় অনুযায়ী নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
অ্যাথলেটিকস প্রতিযোগিতায় একজন প্রতিযোগী ব্যক্তিগতভাবে সর্বোচ্চ তিনটি ইভেন্টে অংশ নিতে পারবেন। পাশাপাশি রিলেতেও অংশগ্রহণের সুযোগ থাকবে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অর্জিত পয়েন্টের ভিত্তিতে ব্যক্তিগত ও দলগত চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে হলে শিক্ষার্থীকে সংশ্লিষ্ট কলেজের নিয়মিত ছাত্র বা ছাত্রী হতে হবে। পাশাপাশি কেবল ২০২৫ অথবা ২০২৬ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।
খেলা শুরুর আগে নির্ধারিত সময়ের মধ্যে মাঠে উপস্থিত থাকতে হবে খেলোয়াড়দের। এ সময় মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, ছবি এবং কলেজের অধ্যক্ষের সত্যায়িত ইএসআইএফের রঙিন কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, কোনো দল নিয়মবহির্ভূতভাবে অবৈধ খেলোয়াড় অন্তর্ভুক্ত করলে কিংবা প্রতিযোগিতায় অনিয়মের আশ্রয় নিলে সংশ্লিষ্ট কলেজকে আসর থেকে বহিষ্কার করা হতে পারে। এ ছাড়া বিধি লঙ্ঘনের ঘটনায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।
প্রতিযোগিতা চলাকালে কোনো ম্যাচ বা সিদ্ধান্তের বিষয়ে আপত্তি থাকলে নির্ধারিত নিয়মে লিখিত আপত্তি (প্রটেস্ট) জানাতে হবে। এ জন্য খেলা শেষ হওয়ার ৬০ মিনিটের মধ্যে দুই হাজার টাকা ফি এবং উপযুক্ত প্রমাণাদিসহ সংশ্লিষ্ট ক্রীড়া কমিটির সভাপতির কাছে আবেদন জমা দিতে হবে।
ভাতা ও যাতায়াত ব্যয়ের ক্ষেত্রেও পর্যায়ভেদে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিযোগী ও কর্মকর্তারা বোর্ড নির্ধারিত হারে খাদ্য ও যাতায়াত ভাতা পাবেন। তবে জেলা ও জোন পর্যায়ের প্রতিযোগীদের জন্য কোনো ধরনের ভাতা দেওয়া হবে না।
প্রসঙ্গত, আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২২ নভেম্বর থেকে জেলা পর্যায়ে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।


